কেরাণীগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা সহায়তার ঘোষণা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

কেরাণীগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২ লাখ টাকা সহায়তার ঘোষণা
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

কেরাণীগঞ্জের কদমতলীর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ২ লাখ এবং আহতদের ১ লাখ টাকা সহায়তার ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

গতকাল শনিবার অগ্নিকাণ্ডে ভস্মীভূত গ্যাসলাইট কারখানা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর শোক জানান।

বিজ্ঞাপন

কারখানা পরিদর্শন শেষে মন্ত্রী সরাসরি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছুটে যান। সেখানে তিনি চিকিৎসাধীন দগ্ধ শ্রমিকদের শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তাদের চিকিৎসার খোঁজ নেন।

তিনি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তায় বিশেষ তহবিল ঘোষণা করেন। তিনি জানান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আহত ও চিকিৎসাধীন প্রত্যেক শ্রমিককে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করতে মন্ত্রী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। কমিটিকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে ঢাকা জেলার জেলা প্রশাসককেও এ ঘটনার বিষয়ে পৃথক একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন তিনি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক শ্রমিকদের নিরাপত্তা ও ভাগ্যোন্নয়নে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো শ্রমিকের জীবন যেন অবহেলার কারণে বিপন্ন না হয়, সে বিষয়ে আমরা কঠোর অবস্থান গ্রহণ করছি। সূত্র: বাসস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...