আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ঘোষিত তারিখ পরিবর্তনের আভাস দিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। এ বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে আবার আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের একথা জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, আমরা চেয়েছিলাম ফেব্রুয়ারির শেষ সপ্তাহে এসএসসি পরীক্ষা নিতে। কিন্তু রোজার কারণে এটা একমাস এগিয়ে এসেছে। ৮ ফেব্রুয়ারি শেষ করে দেওয়ার জন্য রুটিনও দিয়েছি। এখন আবার সোশ্যাল মিডিয়াতে সবাই বলছে যে, না এটা বেশ এগিয়ে গিয়েছে। বেশ না, কারণ সিলেবাস শেষ হচ্ছে, সবই ঠিক আছে। আমরা তো সবার সঙ্গে কথা বলেই কাজ করছি।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সিদ্ধান্ত হচ্ছে ‘সিনক্রোনাইজ’ করা, সেশন যটটা কমানো। এখন ১৬ বছরের লেখাপড়া ১৭ বছর যাচ্ছে, ১৭ বছরেরটা ২০ বছর যাচ্ছে, এই যে দুই বছর লস হচ্ছে-সেটাকে সমন্বয় করতে চাই।
তিনি বলেন, রোজার এক মাস পরীক্ষার্থীরা পড়ার টেবিলে বসবে না। তাই সবাই রোজার আগেই পরীক্ষা শেষ করে দিতে বলেছেন। এখন আবার মিডিয়াতে সমালোচনা হচ্ছে। এখন সবাই বলছেন, রোজার পরে শেষ করেন। এ বিষয়ে আমরা আবার বসতে পারি। আলোচনার মধ্য দিয়েই সব হবে।
এর আগে গত ১৪ মে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ঘোষণা দিয়েছিলেন-পরবর্তী এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৭ সালের ৭ জানুয়ারি শুরু হবে। সেদিন প্রস্তাবিত একটি সময়সূচিও প্রকাশ করেন তিনি। তবে প্রচলিত সময়ের চেয়ে এই পরীক্ষা বেশ এগিয়ে আসায় শিক্ষার্থী ও অভিভাবক মহলে বেশ সমালোচনা দেখা দেয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

