দীর্ঘ বাইশ বছর পর চাঞ্চল্যকর মডেল ও অভিনেত্রী তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার একমাত্র আসামি সাবেক ছাত্রনেতা ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকেলে ঢাকার ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহীনুর আক্তার এ রায় ঘোষণা করবেন। তবে এদিন রায় ঘোষণার সময় তিন্নির পরিবারে কেউ উপস্থিত ছিলেন না।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি সৈয়দ আবু জাফর রিজবি বলেন, আমরা ন্যায় বিচার পাইনি, পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নিবো। মামলায় রাষ্ট্রপক্ষের কোন গাফিলতি ছিল না বলেও দাবি করেন এই আইনজীবী।
এদিকে মামলার পলাতক আসামি অভির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন রায়ে সন্তোষ জানিয়ে বলেন, রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণে মামলাটিতে অভিযোগ প্রমাণ করতে না পারায় অভিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
এর আগে ২০২১ সালের ২৬ অক্টোবর রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। ওইদিন ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেশব রায় চৌধুরী রায় ঘোষণা না করে ১৫ নভেম্বর সাক্ষীর জন্য দিন ধার্য করেন।
আদালত সূত্রের জানা যায়, ২০০২ সালের ১০ নভেম্বর রাতে খুন হন তিন্নি। এর আগে ৬ নভেম্বর তিন্নিকে তার স্বামী সাক্কাত হোসেন পিয়ালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করেন অভি। তিন্নিও তাকে তালাক দেন। ওই দিনই পিয়ালকে তার দেড় বছর বয়সী কন্যাসন্তানসহ রাজধানীর বাড়ি থেকে বের করে দেয়া হয়। এরপর বিয়ে করার জন্য অভিকে চাপ দিতে থাকেন তিন্নি। এক পর্যায়ে তিন্নি বিষয়টি সাংবাদিকদের কাছে ফাঁস করে দেয়ার হুমকি দেন। ১০ নভেম্বর রাতে মাথায় আঘাত করে তিন্নিকে হত্যা করা হয়। এরপর গুমের উদ্দেশ্যে ওই রাতে বুড়িগঙ্গার ১ নম্বর চীন মৈত্রী সেতুর ওপর থেকে নদীতে ফেলে দেয়া হয় লাশ। কিন্তু পানিতে নয়, লাশটি পড়ে পিলারের উচুঁ অংশে। মরদেহ উদ্ধারের পর কেরানীগঞ্জ থানার এএসআই শফি উদ্দিন অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে মামলা করেন। মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে ২০০২ সালের ২৪ নভেম্বর তদন্তভার সিআইডিতে ন্যস্ত হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের এএসপি মোজাম্মেল হক আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এছাড়াও এই মামলায় ২২টি আলামত জব্দ করা হয়। ২০১০ সালের ১৪ জুলাই একই আদালত আসামি অভির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। রাষ্ট্র পক্ষের ৪১ জন সাক্ষীর মধ্যে ২৬ জন আদালতে সাক্ষ্য প্রদান করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

