ডেঙ্গু শুধু একটি চিকিৎসাবিষয়ক সমস্যা নয়, এটি একটি জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা, পরিচ্ছন্নতা ও সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন এবং ‘CME on Dengue Management’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী ডেঙ্গু সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
দিনের শুরুতে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিনের সঙ্গে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন তিনি। এ সময় চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. মো. শাহাদাৎ হোসেনের উপস্থিতিতে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান’-এর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। সেখানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন তিনি।
সোসাইটি অব মেডিসিন, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ‘CME on Dengue Management’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে বক্তব্য দেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। বক্তব্যে তিনি বলেন, ‘ডেঙ্গু আমাদের কাছে নতুন কোনো রোগ নয়। কিন্তু প্রতি বছর এর প্রকোপ আমাদের মনে করিয়ে দেয় যে, ডেঙ্গু শুধু একটি চিকিৎসাবিষয়ক সমস্যা নয়, এটি একটি জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যা।’
সেমিনারটি সঞ্চালনা করেন মেডিসিন বিভাগের আরপি ডা. এস এম রিয়াসাদ শাহাবুদ্দিন এবং সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবদুস সাত্তার।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. মো. শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনিসুল হোসেন বাবুল, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বী, চট্টগ্রাম জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মো. বেলায়েত হোসেন ঢালী এবং চট্টগ্রাম রেড ক্রিসেন্টের ম্যানেজিং বোর্ড সদস্য ডা. সারওয়ার আলম।
এছাড়া উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. সাজেদুর রহমান, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম জহির, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসা, জনসচেতনতা ও পরিচ্ছন্নতার সমন্বিত উদ্যোগের আহ্বানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


