আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অভিভাবক ঐক্য ফোরামের বিবৃতি

শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ও কোচিং নির্ভরতা রোধে কার্যকর পদক্ষেপের দাবি

স্টাফ রিপোর্টার

শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল ও কোচিং নির্ভরতা রোধে কার্যকর পদক্ষেপের দাবি

দেশের বিদ্যমান শিক্ষা ঘাটতি পূরণ এবং শিক্ষার্থীদের সিলেবাস যথাসময়ে সম্পন্ন করার লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। সংগঠনটি মনে করে, এই সিদ্ধান্ত শুধু প্রাথমিক স্তরে সীমাবদ্ধ না রেখে মাধ্যমিক স্তরেও কার্যকর করা জরুরি।

বুধবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের সভাপতি মো. জিয়াউল কবির দুলু বলেন, বর্তমানে মাধ্যমিক পর্যায়ে কোচিং ও প্রাইভেট নির্ভরতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা কোচিং বা ব্যক্তিগত টিউশনের সঙ্গে সম্পৃক্ত থাকায় শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে এসবের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। নির্দিষ্ট শিক্ষকের কাছে না পড়লে হেনস্তা কিংবা নম্বর কম দেওয়ার হুমকির অভিযোগও পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, অনেক মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ করা হলেও সেখানে পূর্বে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যথাযথ বদলি বা পুনর্বিন্যাস করা হয়নি। ফলে তারা আগের মতোই কোচিং নির্ভরতা ও সিন্ডিকেট কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যা শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।

তিনি আরও বলেন, পবিত্র রমযানের দীর্ঘ ছুটি এবং পরবর্তীতে এসএসসি পরীক্ষা উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় টানা ছুটি তৈরি হয়। এতে নির্ধারিত সময়ে সিলেবাস শেষ করা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রাথমিক স্তরে ১০টি শনিবার শিক্ষা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও মাধ্যমিক স্তরের ক্ষেত্রে এখনো কোনো সুস্পষ্ট নির্দেশনা বা কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না, যা হতাশাজনক।

অভিভাবক ঐক্য ফোরাম মনে করে, শিক্ষার মূল কেন্দ্র হওয়া উচিত শিক্ষাপ্রতিষ্ঠান—শিক্ষকের বাসা বা কোচিং সেন্টার নয়। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন