দীর্ঘ সাত ঘণ্টা অবরোধ শেষে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের আশ্বাসে শাহবাগ মোড় অবরোধ তুলে নিলেন জুলাই শহীদ পরিবারের আন্দোলনরত সদস্যরা।
সন্ধ্যা সোয়া ছয়টায় এই অবরোধ তুলে নেন তারা। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
জুলাই গণঅভ্যুত্থানে প্রতিটি হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার, দ্রুত বিচার কাজ নিশ্চিত করা, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদানসহ শহীদ পরিবারের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বেলা সোয়া ১১ টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে রাখেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা।
এসময় তারা জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও শহীদদের রাষ্ট্রীয় মর্যাদাদানের বিষয়ে জোর দাবি তুলেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দেন তারা। তাদের যৌক্তিক দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাথে তাদের প্রতিনিধি দলের আলোচনা করার দাবি তুলেন।
এসময় সারজিস বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতরা এখনো রাস্তায় নামা আমাদের জন্য ইতিবাচক না। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে যে আর্থিক সাহায্য করা হয়েছে সেটা দিয়ে কয়েকমাস চলতে পারে একটি পরিবার। আগামী রবিবার প্রধান উপদেষ্টা আহত ও শহীদ পরিবারের সদস্যদের সাথে বসবেন এবং দাবিগুলো শুনবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

