খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে নেতারা বলেন, নির্বাচনের সুষ্পষ্ট তারিখ ঘোষণা না করলে বিরাজমান অস্থিরতা কমবে না। সরকারের দেয়া সময়সীমার প্রথমার্ধের মধ্যে সংস্কার, বিচার ও নির্বাচন অনুষ্ঠানে কোনো বিরোধ নেই।
সোমবার সন্ধ্যায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকের সভাপতিত্ব করেন নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ।
তারা বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলো অধিকাংশ সংস্কার প্রস্তাবের সঙ্গে একমত। ফ্যাসিবাদীদের বিচার কার্যক্রম দৃশ্যমান হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
ঐকমত্যের ভিত্তিতে অবিলম্বে জুলাই সনদ চূড়ান্ত করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। রাজনৈতিক দল ও সরকারের মধ্যে আস্থার জায়গাটি ঠিক রাখার মূল দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের। এক্ষেত্রে জনগণ সরকারকে সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।
বৈঠকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদেরকে স্ব স্ব সংসদীয় আসনে তৎপরতা জোরদার করার আহ্বান জানানো হয়। যথাসময়ে চূড়ান্ত প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাহী বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাফেজ মাওলানা শায়খুল ইসলাম, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, শায়খুল হাদিস মাওলানা আবদুস সামাদ, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, অ্যাডভোকেট মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

