মতবিনিময় সভায় অতিরিক্ত আইজি

ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ নৌযাত্রায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে পুলিশ

ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ নৌযাত্রায় সব ধরনের ব্যবস্থা নিচ্ছে পুলিশ

নৌ-পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নৌ পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। টার্মিনালসহ দূরপাল্লা লঞ্চে বিশেষ করে রাতে নাশকতা না হয় সেজন্য পুলিশ কাজ করছে এবং সেনাবাহিনীও সহযোগিতা করছে।

বুধবার নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে আসন্ন পবিত্র ঈদল ফিতর উপলক্ষে নৌপথে আইন-শৃঙ্খলা ও নৌ ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ সময় লঞ্চ ও জাহাজে সিসিটিভি, জিপিএস সিস্টেম আছে কিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চান নৌ-পুলিশ প্রধান।

সভার শুরুতেই নৌ পুলিশের পক্ষ থেকে নৌ পথে আইন-শৃঙ্খলা রক্ষায় দুর্ঘটনা প্রতিরোধ, পরিবেশ দূষণরোধ ও টিকেট কালোবাজারি, উচ্চমূল্য এবং চাঁদাবাজি প্রতিরোধে করণীয় বিষয় উলে­খ করে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উপস্থিত প্রতিনিধি ও অনলাইনে সংযুক্ত নৌ পুলিশের ১১টি অঞ্চলের পুলিশ সুপারদের সঙ্গে আলোচনা হয়।

সভায় বক্তারা নির্বিঘ্ন ও নিরাপদ নৌপথ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। এরমধ্যে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহণ করা থেকে বিরত থাকা, ছোট ও ত্রুটিপূর্ণ লঞ্চে যাত্রী পরিবহনে বিরত থাকা, লঞ্চে যাত্রী সংখ্যার আনুপাতিক হারে লাইফ জ্যাকেট, বয়া প্রভৃতির ব্যবস্থা রাখা, আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযান চালানো, চাঁদাবাজি, চুরিসহ যেকোনো হয়রানি বন্ধে বিশেষ নজরদারি বৃদ্ধি করা, নির্ধারিত মূল্যে ভাড়া আদায়ে তদারকি, টার্মিনাল ব্যতীত নদীর যেকোনো জায়গায় অন্য কোনো ছোট নৌযান হতে যাত্রী উঠানো বা নামানো বন্ধ নিশ্চিতকরণ ইত্যাদিসহ সকল নৌযানে পর্যাপ্ত ফায়ার ফাইটিং এবং সিসি ক্যামেরার ব্যবস্থা করণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

তারা বলেন, পবিত্র ঈদে নৌপথ ব্যবহারকারী ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে নৌ পুলিশ কার্যক্রম পরিচালনা করছে।

সভায় বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল(যাপ) সংস্থা, লঞ্চ মালিক সমিতি বাংলাদেশ, লঞ্চ মালিক সমিতি,বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ লঞ্চ লেভার এসোসিয়েশন, বাংলাদেশ পেট্রোলিয়াম ট্যাংকার ওনার্স এসোসিয়েশন, স্পীডবোট মালিক সমিতি, স্পিডবোট পরিচালনা কমিটি, বাংলাদেশ নৌ পরিবহণ শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, কোস্টাল-শীপ ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ নৌযান শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ কার্গো ট্রলার বাল্ক হেড শ্রমিক ইউনিয়ন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, নৌ পরিবহণ অধিদপ্তর ও নৌপথের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন