ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা নাকচ বিএসসিপিএলসি’র

বিশেষ প্রতিনিধি

ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা নাকচ বিএসসিপিএলসি’র

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের ডিজিটাল অবকাঠামো বর্তমানে অত্যন্ত শক্তিশালী ও নিরাপদ অবস্থানে রয়েছে।

সম্প্রতি একটি গণমাধ্যমে প্রচারিত ‘ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা; সাবমেরিন ক্যাবল নিয়ে বাড়ছে উদ্বেগ’ শীর্ষক ভিডিও প্রতিবেদনের প্রেক্ষিতে প্রকৃত তথ্য তুলে ধরে আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে উপস্থাপিত তথ্যগুলো বিভ্রান্তিকর।

বিজ্ঞাপন

বিএসসিপিএলসি জানিয়েছে, বর্তমানে তাদের দুটি নির্ভরযোগ্য সাবমেরিন ক্যাবল সিস্টেম সফলভাবে পরিচালিত হচ্ছে, যার সম্মিলিত সক্ষমতা ৭,২২০ জিবিপিএস। জনমনে আতঙ্ক ছড়ানোর বিপরীতে সংস্থাটি কারিগরি ও বাস্তব তথ্য তুলে ধরেছে।

হরমুজ প্রণালী ও ভূ-রাজনৈতিক ঝুঁকি প্রসঙ্গ:

প্রতিবেদনে দাবি করা হয়, হরমুজ বা বাব আল-মান্দেব প্রণালীতে সংকটে বাংলাদেশ ‘ডিজিটাল অন্ধকারে’ পড়বে। বিএসসিপিএলসি একে তথ্যগত ভুল উল্লেখ করে জানায়, তাদের মোট ব্যান্ডউইথের মাত্র ১.৩৪ শতাংশ (১০০ জিবিপিএস) লোহিত সাগর হয়ে পশ্চিমে যায়। বাকি ৯৮.৬৬ শতাংশ সক্ষমতা সিঙ্গাপুর এবং ভারতের চেন্নাই রুটে প্রবাহিত হয়, যা হরমুজ প্রণালীর ওপর একেবারেই নির্ভরশীল নয়। ফলে ওই পথে কোনো সংকট হলেও বাংলাদেশের ইন্টারনেটে বড় কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই।

এসএমডব্লিউ-৫ ও এসএমডব্লিউ-৪ -এর সক্ষমতা:

দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (এসএমডব্লিউ-৫) ধারণক্ষমতার শেষ সীমায় পৌঁছানোর দাবিকে নাকচ করে বিএসসিপিএলসি জানায়, এই ক্যাবলের সক্ষমতা ২,২০০ জিবিপিএস, যার মধ্যে বর্তমানে ব্যবহার হচ্ছে মাত্র ১,৪৮৮ জিবিপিএস। অর্থাৎ এখনো ৭১২ জিবিপিএস অব্যবহৃত রয়েছে। একইভাবে প্রথম সাবমেরিন ক্যাবল (এসএমডব্লিউ-৪) -এর মেয়াদ শেষ হওয়ার দাবিটিও সঠিক নয়; ২০৩০ সাল পর্যন্ত এর কার্যকর মেয়াদ রয়েছে এবং বর্তমানে এটি সম্পূর্ণ সক্রিয়ভাবে ২,৫৯৫ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করছে।

তৃতীয় সাবমেরিন ক্যাবল এসএমডব্লিউ-৬:

বিএসসিপিএলসি জানায়, নির্মাণাধীন তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্প (এসএমডব্লিউ-৬) চলতি বছরের শেষ নাগাদ চালু হতে যাচ্ছে। এটি চালু হলে অতিরিক্ত ৩০,০০০ জিবিপিএস ব্যান্ডউইথ যোগ হবে এবং মোট সক্ষমতা দাঁড়াবে ৩৮,০০০ জিবিপিএস। ২০২৭ সালে দেশের সম্ভাব্য চাহিদা ১৪.৮১ টিবিপিএস প্রাক্কলন করা হলেও বিএসসিপিএলসি-র কাছে চাহিদার চেয়ে তিন গুণ বেশি সক্ষমতা উদ্বৃত্ত থাকবে।

ভারত-নির্ভরতা ও বেসরকারি ক্যাবল:

ভারত থেকে ব্যান্ডউইথ আমদানির বিষয়ে সংস্থাটি জানায়, বেসরকারি আইআইজি অপারেটররা বিএসসিপিএলসি-র পর্যাপ্ত সক্ষমতা থাকা সত্ত্বেও বাণিজ্যিক কারণে ভারতের অপারেটরদের কাছ থেকে ব্যান্ডউইথ কিনছে। বিটিআরসি ৫০ শতাংশের বেশি ব্যান্ডউইথ ভারত থেকে আমদানিতে নিষেধাজ্ঞা দিলেও একটি বেসরকারি অপারেটরের আইনি বাধার কারণে তা বর্তমানে স্থগিত রয়েছে। এটি বিএসসিপিএলসির কোনো ব্যর্থতা নয়।

রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি দেশের সার্বভৌম ডিজিটাল অবকাঠামো রক্ষায় সবাইকে বিভ্রান্তিকর তথ্যে প্রভাবিত না হওয়ার আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে বিএসসিপিএলসি-র মার্কেটিং ও সেলস বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আরিফুল হক আমার দেশকে বলেন, সাবমেরিন ক্যাবল সংক্রান্ত যেকোনো নির্ভরযোগ্য তথ্যের জন্য বিএসসিপিএলসি থেকে তথ্য সংগ্রহ করা উচিত।

এমপি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন