যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও ব্যবসায়ী বিবেক রামাস্বামীকে পরাজিত করে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটন। এনবিসি নিউজের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
৬০ বছর বয়সি অ্যাকটন ওহাইওর ইতিহাসে প্রথম নারী গভর্নর নির্বাচিত হলেন। একই সঙ্গে ২০০৬ সালের পর প্রথমবারের মতো কোনো ডেমোক্র্যাট প্রার্থী অঙ্গরাজ্যটির গভর্নর পদে জয় পেলেন। এর আগে দীর্ঘদিন ধরে ওহাইও রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েও নির্বাচনে জয়ী হতে পারেননি ৪১ বছর বয়সি রামাস্বামী। প্রচারে নিজের বিপুল অর্থ ব্যয়ের পাশাপাশি তার পক্ষে কয়েকজন ধনকুবেরও বড় অঙ্কের অনুদান দেন।
অ্যাকটন আগে রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইনের প্রশাসনে অঙ্গরাজ্যের স্বাস্থ্য পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। করোনাভাইরাস মহামারির শুরুর দিকে তার ভূমিকা নিয়ে রিপাবলিকানদের সমালোচনার মুখে পড়লেও তিনি নিজের প্রশাসনিক অভিজ্ঞতাকে নির্বাচনি প্রচারে গুরুত্ব দেন।
জয়ের পর এক বিবৃতিতে অ্যাকটন বলেন, বিভেদ ও বিদ্বেষের পরিবর্তে ওহাইওর মানুষ ঐক্য ও শালীনতাকে বেছে নিয়েছেন। তিনি আরো বলেন, দল-মতনির্বিশেষে সব অঙ্গরাজ্যবাসীর গভর্নর হিসেবে কাজ করবেন এবং জীবনযাত্রার ব্যয় কমানো ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে অগ্রাধিকার দেবেন।
মেয়াদসীমা পূর্ণ হওয়ায় বর্তমান গভর্নর মাইক ডিওয়াইনের স্থলাভিষিক্ত হবেন অ্যাকটন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


