মোংলায় কোস্ট গার্ডের সবুজ অভিযান, রোপণ হবে ৯৪০০ চারা

মোংলায় কোস্ট গার্ডের সবুজ অভিযান, রোপণ হবে ৯৪০০ চারা
ছবি: আমার দেশ

উপকূল রক্ষায় এবার সবুজের ঢাল গড়ছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাগেরহাটের মোংলায় শুরু হয়েছে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’। কর্মসূচির আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের বিভিন্ন এলাকায় প্রায় ৯ হাজার ৪০০টি চারা রোপণ করা হবে।

বুধবার ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।

বিজ্ঞাপন

এনরুট ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে মোংলা ও পার্শ্ববর্তী উপকূলীয় এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, রোপণ করা চারাগুলো উপকূলীয় এলাকার পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, মাটি ক্ষয় রোধ, জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, মোংলা ও আশপাশের উপকূলীয় এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন