কেনিয়ায় সাফারি ভ্রমণের সময় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধান মিশেল সেনসি-কন্তুজি ও তার স্ত্রী স্টেফানি হলিহানসহ সাতজন নিহত হয়েছেন। নিহত অন্য পাঁচজন যুক্তরাষ্ট্রের নাগরিক।
বুধবার স্থানীয় সময় সকাল সোয়া ৯টার দিকে সামবুরু কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।
কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (কেসিএএ) জানিয়েছে, হেলিকপ্টারটিতে থাকা ব্যক্তিরা একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় ঘুরছিলেন। তারা সেখানকার প্রাকৃতিক দৃশ্য দেখছিলেন।
দুর্ঘটনার পর ঘটনাস্থলের ছবি প্রকাশিত হয়েছে। এতে দেখা যায়, মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার স্থান থেকে ধোঁয়া উঠছে। কেনিয়া রেড ক্রসের সদস্যরা তখনো জ্বলতে থাকা ধ্বংসাবশেষের দিকে এগিয়ে যাচ্ছিলেন।
নিহতদের মধ্যে ইকুয়েডরের স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক মিশেল সেনসি-কন্তুজি (৪৪) ও তার স্ত্রী স্টেফানি হলিহান রয়েছেন। ২০২৪ সালে সেনসি-কন্তুজিকে স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
তার মৃত্যুর বিষয়ে ইকুয়েডর সরকার বিস্তারিত কোনো তথ্য জানায়নি। তবে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় গোয়েন্দাপ্রধানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
নিহত পাঁচ মার্কিন নাগরিকের পরিচয়ও এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি। তাদের মধ্যে একজন এনবিসিইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবের্তো সুয়ারেজ। বাকি চারজনের পরিচয় জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র পাঁচ মার্কিন নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

