নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর গ্রামে পরকীয়া প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীকে সশ্রম ও তার পরকীয়া প্রেমিককে বিনাশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করে আদালত।
সোমবার বিকেলে নাটোর অতিরিক্ত দায়রা ও জজ আদালত-৩ এর বিচারক মো. সাইফুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর গ্রামের মৃত কালুর স্ত্রী সালমা বেগম (৩৫) ও তার পরকীয়া প্রেমিক একই এলাকার মৃত সোহরাব হোসেন তুলার ছেলে আহম্মদ আলী (৪২)। মামলার
এজাহার সূত্রে জানা যায়, কালু ও সালমা বেগমের বিয়ের পর থেকে তারা সংসার করে আসছিলেন। এক পর্যায়ে সালমা বেগমের সাথে প্রতিবেশী আহম্মদ আলীর পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। ২০২১ সালের ১৫ অক্টোবর রাতে সালমা বেগম ও তার পরকীয়া প্রেমিক আহম্মদ আলী যোগসাজশ করে কালুকে তার শয়নকক্ষে ঘুমের মধ্যেই শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় পরের দিন মৃত কালুর মা বাদী হয়ে ছেলের স্ত্রী সালমা বেগম ও আহম্মদ আলীকে আসামী করে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা রুজু করেন। পুলিশ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।
নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদার টগর জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আসামীদের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক সোমবার এই দণ্ডাদেশ প্রদান করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

