হরমুজে চলাচলের নতুন রুট নিয়ে ইরান-ওমান সমঝোতা

হরমুজে চলাচলের নতুন রুট নিয়ে ইরান-ওমান সমঝোতা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের রুট নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা জানিয়েছেন। কয়েক সপ্তাহ ধরে চলা কারিগরি আলোচনার পর এ সমঝোতা হয়েছে বলে জানান তিনি।

বাঘাই বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের দুই উপকূলীয় দেশ ইরান ও ওমান গত ১৮ জুন নিরাপদ নৌ চলাচলের পথ নির্ধারণে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে। এরপর গত তিন মাস ধরে এ বিষয়ে নিবিড় আলোচনা চালিয়ে আসছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও গত তিন সপ্তাহে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং জাহাজ চলাচলের রুট নিয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে।’

বাঘাই জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এতে ইরানের প্রতিরক্ষা, নিরাপত্তা ও পরিবেশবিষয়ক কর্তৃপক্ষও অংশ নিয়েছে।

তবে তিনি বলেন, দুই দেশের মধ্যে এখনো কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে তেহরান ও মাস্কাটের পক্ষ থেকে প্রকাশিতব্য একটি যৌথ বিবৃতির বিষয়ও রয়েছে। প্রক্রিয়াটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা ও মতবিনিময় অব্যাহত থাকবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং উভয় দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার লক্ষ্যে ইরান ও ওমানের মধ্যে হওয়া এ সমঝোতা সম্পূর্ণভাবে দুই উপকূলীয় দেশের স্বাধীন উদ্যোগ।

ইরান ও ওমান জাহাজ চলাচলের পথ নিয়ে আলোচনা অব্যাহত রাখলেও তেহরান বারবার বলে আসছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক অনুযায়ী নিজ নিজ দায়বদ্ধতা পূরণের ওপর নির্ভরশীল।

সূত্র: আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন