চিকিৎসাবিজ্ঞানে নতুন মাইলফলক স্থাপন করেছেন যুক্তরাজ্যের লন্ডনের নিউরোসার্জনরা। প্রথমবারের মতো রোগীর মস্তিষ্কের টিউমার অপসারণের অস্ত্রোপচারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি সফলভাবে ব্যবহার করা হয়েছে। গত মে মাসে এই অস্ত্রোপচার করা হলেও বিষয়টি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার।
লন্ডনের ন্যাশনাল হাসপাতাল ফর নিউরোলজি অ্যান্ড নিউরোসার্জারির চিকিৎসকেরা ৪৮ বছর বয়সী রিস হিবার্টের পিটুইটারি গ্রন্থির একটি টিউমার অপসারণ করেন। টিউমারটির কারণে তাঁর দৃষ্টিশক্তি ক্রমেই কমে যাচ্ছিল। ২০২৪ সালে রোগটি শনাক্ত হওয়ার পর একপর্যায়ে তিনি প্রায় অন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ছিলেন। অস্ত্রোপচারের পর তাঁর দৃষ্টিশক্তি ফিরে আসে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে কাজে ফিরেছেন।
অস্ত্রোপচারের সময় ব্যবহৃত এআই ব্যবস্থা ক্যামেরায় ধারণ করা মস্তিষ্কের ভেতরের দৃশ্য তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করে। মস্তিষ্কের গুরুত্বপূর্ণ স্নায়ু, রক্তনালি ও অন্যান্য সংবেদনশীল অংশ শনাক্ত করে সেগুলো চিকিৎসকদের সামনে বিভিন্ন রঙের মাধ্যমে চিহ্নিত করে দেয়। ফলে কোন অংশে অস্ত্রোপচারের যন্ত্র ব্যবহার করা নিরাপদ এবং কোন অংশ এড়িয়ে চলতে হবে, তা সার্জনরা আরও স্পষ্টভাবে বুঝতে পারেন।
ইউসিএলের রোবোটিকস ও এআই বিশেষজ্ঞ ডা. সোফিয়া বানোর নেতৃত্বে প্রযুক্তিটি তৈরি করা হয়েছে। শত শত অস্ত্রোপচারের ভিডিও বিশ্লেষণ করে এআই ব্যবস্থাটিকে প্রশিক্ষণ দেওয়া হয়। এতদিন প্রযুক্তিটি গবেষণার কাজে ব্যবহৃত হলেও রিস হিবার্টের অস্ত্রোপচারের সময় প্রথমবারের মতো সরাসরি রোগীর চিকিৎসায় এটি ব্যবহার করা হয়।
পিটুইটারি গ্রন্থির টিউমারের অস্ত্রোপচার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ গ্রন্থিটি মস্তিষ্কের এমন একটি এলাকায় অবস্থিত, যার কাছাকাছি গুরুত্বপূর্ণ স্নায়ু ও রক্তনালি রয়েছে। সামান্য ভুলেও রোগীর দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে অস্ত্রোপচারের সময় গুরুত্বপূর্ণ অঙ্গ শনাক্ত করতে এআইয়ের তাৎক্ষণিক সহায়তা চিকিৎসকদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে এআই চিকিৎসকদের বিকল্প হিসেবে কাজ করেনি। বরং সার্জনদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত তথ্য ও নির্দেশনা দিয়েছে। অস্ত্রোপচারের মূল নিয়ন্ত্রণ ছিল চিকিৎসকদের হাতেই।
অস্ত্রোপচারটি যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চের অর্থায়নে পরিচালিত একটি ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ। সফল এই অস্ত্রোপচার ভবিষ্যতে মস্তিষ্কের পাশাপাশি শরীরের অন্যান্য জটিল অস্ত্রোপচারেও এআই-সহায়ক প্রযুক্তি ব্যবহারের পথ খুলে দিতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
চিকিৎসাক্ষেত্রে এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। রোগ শনাক্তকরণ, চিকিৎসার পরিকল্পনা এবং চিকিৎসা-সংক্রান্ত ছবি বিশ্লেষণের পর এবার সরাসরি অস্ত্রোপচারের সময়ও এআই চিকিৎসকদের সহায়তা করছে। লন্ডনের এই সফল অস্ত্রোপচার সেই অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

