স্প্যানিশ লা লিগায় টানা দ্বিতীয় জয় পেয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গত বুধবার রাতে ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে তারা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে রিয়াল। সোসিয়েদাদের বিপক্ষে রিয়ালের বড় জয়ের নায়ক হ্যাটট্রিকম্যান কিলিয়ান এমবাপ্পে। এছাড়া ভিনিসিয়াস জুনিয়র নিজে একটি গোল করেছেন এবং আরেকটি গোলে অ্যাসিস্ট করেন।
সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে রিয়ালকে বেশ ভালোভাবেই চ্যালেঞ্জ জানায় সোসিয়েদাদ। কিন্তু বিরতির পর স্বাগতিকদের বিপক্ষে আর পাল্লা দিয়ে লড়াই জমিয়ে তুলতে পারেনি তারা। শুরুর দিকেই এগিয়ে যেতে পারত রিয়াল। কিন্তু বক্সের মধ্যে এমবাপ্পের কাছ থেকে পাস পেয়ে গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি ভিনিসিয়াস। তার নেওয়া শট পা দিয়ে রুখে দেন সোসিয়েদাদ গোলরক্ষক আলেক্স রেমিরো। পাল্টা আক্রমণ শানায় সোসিয়েদাদও। ৩৫ মিনিটে ডান দিক থেকে ওইয়ারসাবালের বাড়ানো ক্রস থেকে বল পেয়ে জোরাল এক ভলিতে গোলের চেষ্টা করেন গোমেস। কিন্তু বল দূরের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্যে ৪০ মিনিটে আনন্দের উপলক্ষ পায় রিয়াল। বক্সের মধ্যে থাকা এমবাপ্পেকে দারুণ এক পাস দেন ভালভার্দে। একজনের বাধা অতিক্রম করে নিখুঁত শটে বল জালে পাঠান এমবাপ্পে। অবশ্য এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪৪ মিনিটেই ম্যাচে ১-১ সমতায় ফেরে সোসিয়েদাদ। রিয়ালের রক্ষণ দুর্বলতাকে কাজে লাগিয়ে গোল আদায় করে নেয় দলটি। তবে বিরতির পর তিন গোল করে বড় জয় তুলে নেয় রিয়াল। ৬০ ও ৮০ মিনিটে দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। বেলিংহ্যামের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়ার মাঝেই জায়গা করে কোনাকুনি শট নেন এমবাপ্পে। তাতেই গোলরক্ষককে পরাস্ত করেন এই ফরাসি তারকা। তার অন্য গোলটি এসেছে ভিনিসিয়াসের বাড়ানো থ্রু থেকে। বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করেন এমবাপ্পে। এর মধ্যে এর মধ্যে ৬৮ মিনিটে ভিনিসিয়াস একটি গোল করেন। তার এই গোলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বেলিংহ্যামের। ডি-বক্সের মুখে বল পেয়ে দুজনের মধ্যে দিয়ে ভেতরে ঢুকে শট নেন বেলিংহ্যাম। প্রতিপক্ষের একজনের পায়ে সেটা প্রতিহত হয়। তবে থেমে যাননি ইংলিশ তারকা। বল কেড়ে নিয়ে বাইলাইন থেকে গোলমুখে পাস বাড়ান তিনি। বিনা বাধায় আলতো টোকায় বল জালে জড়ান ভিসিনিয়াস। নির্ধারিত সময়ের শেষ মিনিটে বল জালে জড়ান দিয়াস। কিন্তু ভিএআর পরীক্ষার পর অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

