ইরানের বিচার বিভাগের প্রধান গোলামহোসেন মোহসেনি এজেই সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালির ওপর তেহরানের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ জানাতে চাওয়া যেকোনো শক্তিকে পরাজিত করা হবে। কৌশলগত এই জলপথকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকি প্রত্যাখ্যান করে তিনি এ কথা বলেন।
বিচার বিভাগসংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিজান মোহসেনি-এজেইয়ের বক্তব্য প্রকাশ করে। তিনি বলেন, ইরান এই জলপথের ‘মালিক ও শাসক’ এবং এর অবস্থানকে চ্যালেঞ্জ জানাতে চাওয়া যেকোনো আগ্রাসী বা সামরিক শক্তি পরাজিত হবে।
তিনি বলেন, এই প্রণালির ওপর ইরানের দাবি আন্তর্জাতিক আইন ও জাতীয় সার্বভৌমত্বের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তিনি আরো বলেন, মার্কিন যুদ্ধজাহাজগুলো ইতোমধ্যেই এই জলপথের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।
মোহসেনি-এজেই বলেন, ওয়াশিংটন সামরিকভাবে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে, তা বিবৃতি বা সামাজিকমাধ্যমের মাধ্যমে অর্জন করতে পারবে না।
সূত্র: জিও নিউজ
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


