রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমত গণকড় ইউনিয়নের আড়ইল গ্রামে বিশেষ অভিযান চালিয়ে সাইদুর রহমানের বাড়ি থেকে প্রায় ৭০০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আড়ইল গ্রামের সাইদুর রহমান দীর্ঘদিন ধরে বিভিন্ন সার ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করে বাড়িতে মজুত করছিলেন। পরে কৃষকদের কাছে নির্ধারিত দামের চেয়ে চড়া দামে এসব সার বিক্রি করা হতো বলে অভিযোগ স্থানীয়দের।
এলাকাবাসীর অভিযোগ, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার ডিলারদের কাছ থেকে সংগ্রহ করে একটি চক্র কৃত্রিম সংকট তৈরি করছে। ফলে প্রকৃত কৃষকেরা প্রয়োজনের সময় সরকারনির্ধারিত দামে সার পাচ্ছেন না। অভিযোগ রয়েছে, মজুত করা এসব সার পরে সুযোগ বুঝে বেশি দামে বিক্রি করা হতো।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরেই সাইদুর রহমানের বাড়িতে বিপুল পরিমাণ সার মজুতের বিষয়টি এলাকায় আলোচনায় ছিল। কৃষকেরা সরকারি দামে সার না পেলেও বাড়িতে সার মজুতের খবর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। পরে উপজেলা প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলে অভিযান চালানো হয়।
অভিযানের বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, ‘বিশেষ অভিযান পরিচালনা করে সাইদুর রহমানের বাড়ি থেকে প্রায় ৭০০ বস্তা সার জব্দ করা হয়েছে। সারগুলো কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং অবৈধভাবে মজুত বা বেশি দামে বিক্রির সঙ্গে জড়িত কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-ddc224-720x405.webp)