ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার সাবেক ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে বীরভূমে তার বাড়ির কাছে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে তার লাশ উদ্ধার হয়। পাশে একটি সুইসাইড নোটও পাওয়া যায়।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের ভেতরে আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত লাশ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
সুইসাইড নোটে আশিস বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, সারা জীবন কোনো দুর্নীতি বা ঘুসের সঙ্গে যুক্ত ছিলেন না। বিভিন্ন দুর্নীতির ঘটনায় তাকে মিথ্যাভাবে জড়ানোর অভিযোগ তুলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। রাজনীতিতে আসাকে ভুল সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন এবং পরিবারের পরবর্তী প্রজন্মকে রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দেন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজয়ের পর তিনি সক্রিয় রাজনীতি থেকে কিছুটা দূরে ছিলেন।
তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকাকালে আশিস বন্দ্যোপাধ্যায় বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। রামপুরহাট আসন থেকে তিনি পাঁচবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন।
আশিস ২০০১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা রামপুরহাটের বিধায়ক ছিলেন। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর মমতার মন্ত্রিসভাতেও ঠাঁই পেয়েছিলেন। তিনি রাজ্যের সাবেক স্কুলশিক্ষামন্ত্রী ও কৃষিমন্ত্রী।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


