জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার কড়া সমালোচনা করে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আপনারা বলছেন আমরা না চাইলে ওরা কোথাও পদযাত্রা করতে পারবে না। আওয়ামীলীগের সময় কই ছিলেন? বালুর ট্রাক তখন তো সরাইতে পারেন নাই, কোথায় ছিল আপনাদের এই যৌবন? সেদিন সবাই বুড়া হয়ে গেছিলেন। হঠাৎ এখন সবাই যৌবন ফিরে পাইছেন, কি ওষুধ খাইছেন? জুলাই বিপ্লব পরবর্তীতে কি ওষুধ খাওয়ার পরে এত শক্তি ফিরে আসছে?
শনিবার (১ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক হলে অধিকার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হবিগঞ্জে এনসিপি কর্মীর চোখ নষ্ট হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়া নিয়ে প্রশ্ন তোলেন। আওয়ামী আমলে কিছু না পেরে নীরব থেকে এখন ‘বীরত্ব’ দেখানোর সমালোচনা করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী-সালাউদ্দিন আম্মারদের বিরুদ্ধে প্রচারণাকে ঘৃণা-হত্যাযজ্ঞের প্রস্তুতি বলে আখ্যা দিয়ে সংযত হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আপনি সাডেনলি হঠাৎ করে বীরপুরুষ হইলেন কোনদিন? আজকে নাসিরের গাড়ি ভাঙতেছেন সারজিসের গাড়ি ভাঙতেছেন। আপনারা না চাইলে এনসিপি পদযাত্রা বাঁ কর্মসূচি করতে পারবে না বলেছেন। আপনাদের তো বুকের পাডা থাকলে ওবায়দুল কাদেরের গাড়ি ভাঙতেন। সরকারে আসার পরে হেডম দেখাইতে হয়। কিছু পুরুষ মানুষ আছে দেখবেন যে ঘরে গিয়ে বউয়ের সাথে হেডম দেখায়। এটার নাম বীরপুরুষত্ব না এগুলো নাম কাপুরুষতা। আপনারা হচ্ছেন সেই ধরনের বস্তির লোক যারা ঘরে গিয়ে বউ পিটায়। তাই আল্লাহর ওয়াস্তে এই বীর পুরুষত্বগুলো দেখায়েন না। ক্ষমতার চরিত্র হচ্ছে আপনাকে বিনয়ী হতে হবে। যার যত বেশি ক্ষমতা তাকে তত বেশি বিনয়ী হইতে হবে।
এবি পার্টির সাধারণ সম্পাদক আরো বলেন, প্রথমবারের মত বিএনপি সরকার এমনভাবে আছে যে কোন বিরোধী দল নাই যে আপনাকে প্রচণ্ড রকম ডিস্টার্ব করছে বা করতে চায়। কেউ এটা মনেই করি না যে এটা করা উচিত। কিন্তু আপনি আননেসেসারিলি আপনাকে সমালোচনাযোগ্য করে গড়ে তুলছেন। সেটা শুধু আপনার জন্য ক্ষতিকর না দেশের জন্যও ক্ষতিকর। আমরা মানুষের হয়ে কথা বলছি। কিন্তু এর মানে এটা না যে আমরা আপনার পতন চাইতেছি। কোন বিরোধী দল ডানে বলেন বামে বলেন যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন কেউ আপনার পতন চান না। সবাই চায় আপনি সফল হন। এজন্য আমরা বারবার আপনাকে স্মরণ করাই দিচ্ছি যে আপনি আপনার নিজের ওয়াদাগুলো কিভাবে লঙ্ঘন করেছেন। তাই আমরা চাচ্ছি বিচার এবং সংস্কারের এই যে লড়াই যেটা জুলাই গণঅভ্যুত্থানের মৌলিক ফান্ডামেন্টাল জায়গা সেই জায়গাতে আপনি আপনার কমনসেন্স ব্যবহার করবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


