এআই জেনারেটেড ও সম্পাদিত (এডিটেড) স্ক্রিনশটকে কেন্দ্র করে যে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। ফটোকার্ডকে ঘিরে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে হত্যার হুমকি দেওয়া, তার আবাসিক কক্ষে গিয়ে খোঁজাখুঁজি করা এবং পরবর্তীতে শাহবাগ থানায় ভুক্তভোগীর জিডিকে কেন্দ্র করে ‘মব’ করা, এসব কর্মকাণ্ড সম্পূর্ণ বেআইনি ও নিন্দনীয়।
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে রাজধানীর শাহবাগ থানা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যম্পাস এলাকায় গত রাতের সহিংসতা, হুমকি ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে এসব কথা বলেন।
তারা উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ স্বেচ্ছায় আইনি আশ্রয় নিতে শাহবাগ থানায় গেলে তাকে দীর্ঘ সময় আটকে রাখা হলেও তার সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়নি; বরং হয়রানির করা হয়েছে। এটি নাগরিক অধিকার ও আইনের শাসনের পরিপন্থী।
বিবৃতিতে আরও বলা হয়, পরিস্থিতি দেখার জন্য থানায় গেলে ঢাবি ডাকসু নেতা এবি জুবায়ের ও এবিএম মোসাদ্দেকের উপর হামলা করা হয়। থানার ভেতরে ‘মব’ তৈরি করে এই হামলা সংঘটিত হওয়া রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য গুরুতর হুমকি।
অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে কিন্তু সরকারকে কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। এবি পার্টির নেতারা বলেন, ইতোমধ্যে ফ্যাক্ট-চেকিংয়ে দাবি করেছে যে সংশ্লিষ্ট ফটোকার্ডটি ভুয়া।
এবি পার্টির নেতৃবৃন্দ সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন,
১. ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
২. ভুক্তভোগী শিক্ষার্থী ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩. থানার ভেতরে সংঘটিত হামলার নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
৪. সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

