সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের ফাইলসহ দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার সকালে রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার শোয়ানুর জামান নয়নের বাড়িতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে খোঁজ খবর নেয়ার পর সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।
এ সময় ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন, সদস্য সচিব মাকসিদুল মোমেনিন মিঠুন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভীর বলেন, সচিবালয়ে আগুন গভীর চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ। পতিত শেখ হাসিনার মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। অর্থ পাচারের সেই ফাইলগুলো ছিল পড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে। অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। অর্থ পাচারের শুধুমাত্র একটা ঘটনা ফাঁস হয়েছে, আরো কত ঘটনা আছে! ওইসব ঘটনাকে ধামাচাপা দিতেই সচিবালয়ের নয় তলায় আগুন দেয়া হয়েছে। যেখানে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল।
তিনি বলেন, ‘যারা আগুন নেভানোর জন্য নিজের জীবন বাজি রেখে ফাইট করেছে। তার মধ্যে একজন সোয়ানুর জামান নয়ন। যিনি এই যুদ্ধ করতে জীবন দিয়েছেন। এক মাসের মধ্যে নয়নের বোনকে চাকরি দিতে হবে সরকারকে। যদি নাও দেয়, হয় তাহলে বিএনপি সাধ্যমতো এই পরিবারের পাশে দাঁড়াবে।’
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, হাসিনা সরকার পালিয়ে গেলেও রন্ধ্রে রন্ধ্রে আছে তাদের দোসররা। বিশেষ করে আমলাতন্ত্র এখনও ফ্যাসিবাদের তোষামোদি করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

