হেফাজতের অধীনে কওমি দলগুলোর ঐক্য হলে স্বাগত জানাবে জামায়াত

হেফাজতের অধীনে কওমি দলগুলোর ঐক্য হলে স্বাগত জানাবে জামায়াত

হেফাজতে ইসলামের নেতৃত্বে কওমি অঙ্গনভিত্তিক সাতটি ইসলামি দলকে নিয়ে নতুন করে বৃহত্তর ইসলামি ঐক্য প্রক্রিয়া শুরু হলেও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতকে বাদ রেখে এমন মোর্চা গঠনের উদ্যোগ নেওয়া হলেও এ ধরনের প্ল্যাটফর্ম গড়ে উঠলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছে দলটি।

বিবিসি বাংলার এক বিশেষ প্রতিবেদনে ইসলামি দলগুলোর এই নতুন মেরুকরণ ও জামায়াতের অবস্থান তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, সংসদ নির্বাচনের পর জামায়াতসহ গঠিত ১১ দলীয় নির্বাচনি ঐক্য এখন একটি স্থায়ী রাজনৈতিক জোটে রূপ নিয়েছে। এর মধ্যেই হেফাজতের নেতৃত্বে সাতটি দল নিয়ে স্বতন্ত্র একটি ইসলামি ঐক্য গঠনের প্রক্রিয়া চলছে, যেখানে জামায়াতের সঙ্গে থাকা দুটি দল অংশ নিলেও জামায়াতকে রাখা হয়নি।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মুফতি বশীরুল্লাহ জানান, কওমি অঙ্গনের স্বতন্ত্র অবস্থান বজায় রাখতেই তারা বিএনপি, জামায়াত কিংবা আওয়ামী লীগ—কারো বলয়ে না গিয়ে সাত দলের এই মোর্চা করছেন। জামায়াতকে না রাখার কারণ হিসেবে তিনি দাবি করেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকিদাগত মতাদর্শের সঙ্গে জামায়াতের দূরত্ব রয়েছে এবং এটি মূলত ধর্মীয় ইস্যু, কোনো রাজনৈতিক বিরোধ নয়।

তবে এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বিবিসিকে বলেন, ‘আকিদা নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই, আমাদের অবস্থান পরিষ্কার। ইসলামি দলগুলোর বিরুদ্ধে জামায়াত কখনো কথা বলে না এবং তাদের সমালোচনারও কোনো পাল্টা জবাব দেয় না।’

তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা জনগণের সঙ্গে থেকে কাজ করার চেষ্টা করছি। তবে ইসলামি দলগুলো যদি এ ধরনের কোনো ঐক্য বা প্ল্যাটফর্ম তৈরি করে, তবে জামায়াতে ইসলামী তাকে স্বাগত (ওয়েলকাম) জানাবে।’

এদিকে নতুন এই ইসলামি ঐক্য প্রক্রিয়ায় দলগুলোর লক্ষ্য ও কর্মসূচি নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সাত দল এক হওয়ার পরও যদি কেউ বিএনপি বা জামায়াতের দিকে তাকিয়ে থাকে, তবে এমন ঐক্যের কোনো সুফল আসবে না। ঐক্য হতে হলে অন্য সব বলয় থেকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে। বিপরীতে, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দীন আহমদ মত দেন, ধর্মীয় ও জাতীয় ইস্যুতে সবাই এক ব্যানারে আন্দোলন করলেও রাজনৈতিক জোট কিংবা নির্বাচনকেন্দ্রিক সমঝোতার বিষয়ে প্রতিটি দলের নিজস্ব এখতিয়ার থাকা উচিত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...