আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘সম্পদের হিসাব চাইলে ১৮ কোটি মানুষ রাজপথে নামবে’—এমন বক্তব্য দেননি আসিফ

আমার দেশ অনলাইন

‘সম্পদের হিসাব চাইলে ১৮ কোটি মানুষ রাজপথে নামবে’—এমন বক্তব্য দেননি আসিফ
ছবি: সংগৃহীত।

“আমার সম্পদের হিসাব চাইলে ১৮ কোটি মানুষ রাজপথে নামবে, মনে রাখবেন জুলাই যোদ্ধারা এখনও বেঁচে আছে।” অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এমন কথা বলেছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

প্রচারিত ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, ফেসবুকে ‘প্রতিদিন খবর২৪’ নামে একটি পেজ থেকে ফটোকার্ডটি সর্বপ্রথম পোস্ট করা হয়। এতে আসিফ মাহমুদের ছবির নিচেই দাবিটি বসানো হয়েছে। উপরের অংশে বামপাশে তারিখ হিসেবে ৩ মার্চ ২০২৬ এবং ডানপাশে সংবাদমাধ্যমের লোগো নকল করে বসানো হয়েছে। ফটোকার্ডের একেবারে নিচের অংশে ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ঠিকানা দেওয়া হয়েছে। তবে ফটোকার্ডে উল্লিখিত সাইটে দাবিটির সঙ্গে সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সর্বশেষ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই পেজে পোস্টটিতে ১ লাখ ২৪ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি ৩ হাজারের কাছাকাছিবার শেয়ার হতে দেখা গেছে। এছাড়াও পোস্টটিতে ২৯ হাজারের কাছাকাছি মন্তব্য পড়েছে, যেখানে দাবিটি বিশ্বাস করে মন্তব্য করেছেন বেশিরভাগ নেটিজেন। এছাড়াও আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশকিছু গ্রুপ এবং প্রোফাইল থেকে ভিন্ন ভিন্ন ফটোকার্ড, লেখা এবং ভিডিও পোস্ট করে দাবিটি ছড়াতে দেখা গেছে।

তবে এ সম্পর্কিত কি–ওয়ার্ড সার্চ করে বাংলাদেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে দাবিটি প্রমাণিত হয় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদের পেজেও এ ধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন