আ.লীগের পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মগবাজারে ছাত্রদলের মিছিল

আ.লীগের পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মগবাজারে ছাত্রদলের মিছিল

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজধানীর মগবাজারে প্রতিবাদী মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের নেতৃত্বে বুধবার এ মিছিল অনুষ্ঠিত হয়।

বুধবার রাজধানীর মগবাজার মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ওয়ারলেস মোড়, মৌচাক, মালিবাগ ও শান্তিনগর মোড় হয়ে মগবাজার সেঞ্চুরি মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সমাবেশে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীরা নতুন করে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো হচ্ছে।

তিনি বলেন, ‘যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা ছাত্রদলের নেতৃত্বে রাজপথে কঠোরভাবে প্রতিহত করা হবে।’

মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক, মো. রুহুল আমিন, সহসাংগঠনিক সম্পাদক মো. আরিফ সিকদার, মেহেদী হাসান সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, সাবেক সহসভাপতি মো. মারজুক সাকিব, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকাশসহ ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মহানগর ও থানা ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন