স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে ভাসানীকে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি

স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে ভাসানীকে সংবিধানে অন্তর্ভুক্তির দাবি

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাম বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং তার মৃত্যুর দিনটিকে জাতীয় দিবস ঘোষণা করে সরকারি ছুটি দেওয়ার দাবি জানিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী)। এ সময় দলটির এই দাবিকে নিজের দাবি বলে উল্লেখ করে তা বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নজমুল হক নান্নু।

বিজ্ঞাপন

মঙ্গলবার মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে ন্যাপ-ভাসানী আয়োজিত এক স্মৃতিচারণ ও আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নজমুল হক নান্নু বলেন, মওলানা ভাসানী ছিলেন খাঁটি অর্থে জনগণের নেতা। তার সঙ্গে কারও তুলনা করা চলে না। তিনি কখনো ব্যক্তিগত পদ-পদবি বা ক্ষমতার রাজনীতির পেছনে ছোটেননি; বরং আসাম থেকে বাংলা—সর্বত্র কৃষকের স্বার্থকে রাজনীতির মূল শর্ত হিসেবে দাঁড় করিয়েছিলেন। আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে তিনি বিশ্বজুড়ে তীব্র জনমত গড়ে তুলেছিলেন। তিনি জোটনিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রবক্তা হিসেবে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত দেশগুলোর আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার পক্ষে সোচ্চার ভূমিকা পালন করেছিলেন।

তিনি আরও বলেন, আসাম ও বাংলার শোষিত কৃষকদের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করেছেন মওলানা ভাসানী। তিনি বিশ্বাস করতেন, শোষকদের কোনো একক ধর্মীয় পরিচয় থাকে না। জমিদার বা শাসক যে ধর্মেরই হোন না কেন, তাদের শোষণের রূপ একই। তাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান নির্বিশেষে সব নিপীড়িত মানুষকে ঐক্যবদ্ধ করাই ছিল তাঁর অসাম্প্রদায়িক রাজনীতির মূল ভিত্তি।

নজমুল হক নান্নু বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে মওলানা ভাসানী স্বাধীনতাকামী তরুণদের অফুরন্ত প্রেরণা জুগিয়েছিলেন। স্বাধীনতার পর ফারাক্কা লং মার্চসহ যেকোনো বৈষম্য ও বৈদেশিক আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন আপসহীন কণ্ঠস্বর। রাজনীতিকদের উদ্দেশে তিনি সবসময় সতর্কবার্তা দিয়ে বলতেন, নিজেদের লোভ-লালসা ও দুর্নীতি থেকে মুক্ত রাখতে না পারলে সাধারণ মানুষের মুক্তি সম্ভব নয়। রাজনৈতিক নীতি ও ব্যক্তিগত নৈতিকতাই ছিল তাঁর রাজনীতির মূল শর্ত।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী)-র সভাপতি স্বপন কুমার সাহা বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে সংবিধানে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাম সংরক্ষণের দাবি জানান। একই সঙ্গে তার প্রয়াণ দিবসকে জাতীয় দিবস ঘোষণা করে সরকারি ছুটির দাবি জানান তিনি। এ সময় প্রধান অতিথি নজমুল হক নান্নু এই দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং তা সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দেন।

ন্যাপ-ভাসানীর সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন কবি ও ঔপন্যাসিক কাজী ছাব্বীর, সিপিএফের সাধারণ সম্পাদক ফারুক মিয়া এবং হাজী আব্দুল আলী সওদাগর প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...