অর্ধশতাব্দি পর মিমাংসিত ইস্যু নিয়ে সরকারি দল বিএনপি জাতিকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, তারা বলে, বিরোধীদলের ওপর নাকি ভুত চেপেছে, আসলে সরকার ও সরকারি দলের ওপর ভুত চেপেছে। তারা অর্ধশতাব্দি আগের মিমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতের পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন মিয়া গোলাম পরওয়ার।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আমাদেরও অনেক প্রশ্ন আছে, তার জবাব দেন। আপনারা ক্ষমতায় এসে অখন্ড পাকিস্তানের পক্ষের লোকদের রাষ্ট্রপতি, মন্ত্রী বানিয়েছিলেন কেন? ২০/২২ বছর দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে চারদলীয় জোটের সঙ্গে রাজনীতি করেছেন কেন? মগবাজারে গোলাম আযমের বাসায় গিয়ে বিএনপি নেতারা ভোট পাওয়ার জন্য কেন ধর্না দিয়েছেন?
এখন আপনারা মিমাংসিত ইস্যুতে প্রশ্ন তুলে আবার ফ্যাসিবাদের হাতে ক্ষমতা দিতে চান? আপনাদের সেই আশা পূরণ হবে না ইনশাআল্লাহ। যদি আপনাদের আশা পূরণ হতো-তাহলে জুলাই বিপ্লব পরবর্তী ইসলামী দলগুলোর জোয়ার, ছাত্রসংসদ নির্বাচনে এত বিজয় হতো না। আসলে আমরা সঙ্গে থাকলে সঙ্গী, আর সঙ্গে না থাকলে জঙ্গী-তাই না।
তিনি আরো বলেন, ১৯৯১ সালের নির্বাচনে সরকার গঠন করতে না পারায় বিএনপিকে আমরা নি:স্বার্থভাবে সমর্থন দিয়েছিলাম। অথচ ক্ষমতায় ক্যাম্পাসগুলোতে শিবিরকে মারধর ও হত্যা করে পুরস্কার দিয়েছিল। তখন একাত্তর ইস্যু মনে ছিল না? এসব প্রশ্নের জবাব দিলে আপনাদের প্রশ্নের জবাব পেয়ে যাবেন। যুক্তি ও নৈতিকতা না থাকায় তারা পুরোনো কাসুন্দি ঘাটছেন। তিনি চরিত্র ও আদর্শ দিয়ে মোকাবিলা করার আহ্বান জানিয়ে বলেন, পুরোনো গান আর মানুষ শুনতে চাই না।
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলেও বিএনপি সরকার জাতির সঙ্গে প্রতারণা করছে জানিয়ে গোলাম পরওয়ার বলেন, তারা মৌলিক ১০টি বিষয়ে দেয়া নোট অব ডিসেন্টের বিষয়গুলো বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে বিল আনতে চান। অথচ গণভোটে প্রায় ৭০ ভাগ মানুষ ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দিয়ে নোট অব ডিসেন্ট খারিজ করে দিয়েছে। তারা যে মেজরিটির কথা বলে, সেটাও ঠিক নয় জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের গুপ্ত বিএনপি নেতারা তাদের পক্ষে নির্বাচন করে দিয়েছেন, যার সাক্ষীও পাওয়া গেছে। তাই জনগণকে ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তিতে না ফেলার জন্য বিএনপি সরকারের প্রতি আহবান জানান তিনি।
এদিকে বিএনপির সঙ্গে দুয়েকটি করপোরেট গ্রুপের পত্রিকা রাজনৈতিক দলের মুখপাত্রের মত জামায়াতের বিরুদ্ধে লিখছে বলে অভিযোগ করেন গোলাম পরওয়ার। সেই পত্রিকাগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি কোনো এসাইনমেন্ট দিয়ে থাকলে ঘোষণা দিয়ে আসেন। গণমাধ্যমের চরিত্র যদি এ ধরণের রাজনৈতিক দলের মত হয় তাহলে আমরা কোথায় যাব?
তিনি বলেন, এসব পত্রিকা ও সাংবাদিকরা পতিত ফ্যাসিবাদের প্রতিনিধিত্ব করেছে, দালালি করেছে। জনতার রুদ্ধরোষে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্ব-সত্য সংবাদ প্রকাশ করা। জাতিকে বিভ্রান্ত করার এ ধরণের অপরিনামদর্শী অবস্থান থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ জাতীয় সংসদে গত রোববার স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, আপনারা ফ্যাসিবাদের সুরেই কথা বলছেন, সেটা জনগণ আগেই রিজেক্ট করে দিয়েছে। তিনি বলেন, ক্ষমা চাইতে হলে আগে কবর থেকে উঠে আপনার বাবাকে ক্ষমা চাইতে বলেন। আমরা অপরাধ করিনি, ক্ষমা আমরা চাইবো কেন?
এ সময় তিনি বলেন, সরকার যদি ফ্যাসিবাদী আচরণ থেকে ফিরে না আসে, তাহলে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে পুনর্জাগরণ করবো, দ্বিতীয় বিপ্লব করবো ইনশাআল্লাহ।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা‘ছুম, মাওলানা আব্দুল হালিম ও অ্যাডভোকেট এহছানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

