রাজধানীর বুকে একের পর এক সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দেশ চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীদের অপসারণ এবং মিরপুরের উভয় ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত মজলিসের মহাসচিব এসব কথা বলেন।
বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে বলেছিলেন, ‘আই হ্যাভ আ প্ল্যান (I Have a Plan)।’ আজ দেশবাসী জানতে চায়, সেই পরিকল্পনা আসলে কী? ব্যর্থ মন্ত্রীদের নিয়ে দেশ চালানো, নাকি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের জন্য রাষ্ট্রকে উন্মুক্ত করে দেওয়াই সেই পরিকল্পনা?
আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির চিত্র তুলে ধরে তিনি বলেন, রাজধানীতে সরকারের কার্যকর কোনো নিয়ন্ত্রণ আছে বলে জনগণ আর বিশ্বাস করতে পারছে না। গত রাতে মিরপুরের ইসিবি চত্বরসংলগ্ন এলাকায় চাঁদা না পেয়ে নিউ জিনি প্রোপার্টিজে একজন কনটেন্ট ক্রিয়েটরের স্টুডিওসহ আশপাশে প্রকাশ্যে হামলা, তাণ্ডব ও লুটপাট চালানো হয়েছে। এর আগের রাতেও মিরপুর-১-এর ঐতিহ্যবাহী রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে গভীর রাতে হামলা চালিয়ে ভবন গুঁড়িয়ে দিয়ে সর্বস্ব লুট করা হয়েছে।
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘রাজধানীতে যদি রাতের পর রাত এভাবে স্টুডিও ভাঙা যায়, হাসপাতাল তছনছ করা যায় এবং সাধারণ মানুষকে জিম্মি করা যায়, তাহলে রাষ্ট্রের কর্তৃত্ব কোথায়? এটি কেবল আইন-শৃঙ্খলার অবনতি নয়, বরং সরকারের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ।’ রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় এসব তাণ্ডব ঘটছে উল্লেখ করে তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র সমালোচনা করে খেলাফত মজলিসের এই নেতা বলেন, একটি সভ্য দেশে এমন চরম ব্যর্থতার পর কোনো দায়িত্বশীল ব্যক্তি নিজ পদে বহাল থাকতে পারেন না। যারা জনগণের জানমালের ন্যক্কারজনক নিরাপত্তাহীনতার দায় এড়াতে পারেন না, তাদের দায়িত্বে থাকার নৈতিক অধিকার নেই।
তিনি আরো বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর মানুষ রাষ্ট্রের গুণগত পরিবর্তনের আশা করেছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, শুধু হাসিনার অপসারণ ছাড়া আর কোনো মৌলিক পরিবর্তন আসেনি; বরং চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজরা আগের চেয়েও ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে।
বিবৃতিতে তিনি অবিলম্বে মিরপুরের উভয় হামলার সঙ্গে জড়িত সকল হামলাকারীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার, চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে দেশব্যাপী সর্বাত্মক ক্র্যাকডাউন এবং সাধারণ মানুষের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


