ড. হেলাল উদ্দিন

ক্ষমতায় গেলে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে

ক্ষমতায় গেলে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে

জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় গেলে দেশে কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

বিজ্ঞাপন

রোববার জামায়াতে ইসলামী মতিঝিল পূর্ব থানা কর্তৃক কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর মাঝে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে পুরস্কার বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালুর পাশাপাশি আদর্শ ও নৈতিক জাতি গঠনে তরুণ প্রজন্মকে গড়ে তোলা হবে। অতীতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে তারা তরুণ প্রজন্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তারা শিক্ষার্থীদের হাতে মাদক ও অস্ত্র তুলে দিয়েছে। তরুণ প্রজন্মকে বিপথগামী করে জাতিকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র করেছে। কারণ তারা চেয়েছে চিরকাল তারাই জাতির নেতৃত্ব দিবে। কিন্তু জাতি কোন দূর্নীতিগ্রস্ত নেতৃত্বকে কখনো মেনে নেয়নি, নিবে না।

তিনি বলেন, আদর্শ ও নৈতিকতাহীন দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব নতুন বাংলাদেশ গড়তে পারবে না। নতুন বাংলাদেশ গড়তে জাতি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত আল্লাহভীরু নেতৃত্বতে নির্বাচিত করবে।

ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন আরো বলেন, অতীতে যারাই ক্ষমতা বসেছে তারাই শিক্ষাকে দলীয়করণ করেছে। তাদের শিক্ষানীতি ছিল কুশিক্ষা নীতি। যেখানে বাস্তব শিক্ষা ও জীবন এবং কর্মমুখী কোন শিক্ষা নেই। যার ফলে সমাজে নৈতিকার অবজ্ঞা দেখা দিয়েছে। সমাজকে আলোকিত হলে শিক্ষিত সমাজ গঠন করতে হবে। সেই শিক্ষা দলের প্রধানের জীবনী নয়। সেই শিক্ষা হতে হবে মহানবীর (সা.) আদর্শিক শিক্ষা। নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

মতিঝিল পূর্ব থানা আমির নুর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দসহ ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন