একতরফাভাবে বিএনপিকে চাঁদাবাজ বলছে কিন্তু আরেকটি দল যারা ইসলামের কথা বলে তারাও কিন্তু এখন কম না, তারাও পাল্লা দিচ্ছে মার্কেট দখল করে নিচ্ছে এবং ব্যাংকও দখল করে নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন এর উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মাসিস্ট ফোরাম-সি গ্রেড কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
হাবিবুর রহমান বলেন, বিএনপির বিরুদ্ধে শুধু অভিযোগ, অভিযোগ আর অভিযোগ। সত্য-মিথ্যা মিলিয়ে এই অভিযোগ চলছেই। এতোদিন ধরে নানাভাবে নির্যাতিত-নিপীড়িত বিএনপির বিরুদ্ধে আজ অভিযোগের পাহাড়।
একটা অভিযোগ দেয় খুবই অন্যায় ভাবে হাট দখল, ঘাট দখল, টেম্পু স্ট্যান্ড দখল ও বাস স্ট্যান্ড দখল। একবারও তা ভাবেনা যে, কেউ না কেউ তো এটা মেইন্টেন করতে হবে। সরকারি ঘরে টাকা জমা দিয়ে নিয়ম মেনে এসব তারা পরিচালনা করে। আওয়ামী লীগ নেই, অন্য দল তাদের তেমন কোনো অবস্থান নেই -তাহলে এসব তো পরিচালনা করতে হবে।
চাঁদাবাজির অভিযোগের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ট্যাম্পু স্ট্যান্ডে একেকটা ট্যাম্পু ১০ /২০ টাকা করে সাহায্য দেয়। ওখানে ৩, ৪ বা ৫ জন শ্রমিক থাকে তারা চার-পাঁচশ টাকা করে পায় -এটাকে তারা চাঁদাবাজি বলা শুরু করেছে। রাস্তাঘাটে চাঁদাবাজি হয়।
এটা আওয়ামী আমলে হয়েছে এখনও কম বেশি হয় কিন্তু এটাতো ঠেকানোর দায়িত্ব পুলিশের। এরপরও বিএনপিতে চাদাবাজির ঠাঁই নেই বিধায় বিএনপি হাজার হাজার বহিষ্কার করেছে।
এছাড়া তিনি বলেন আল্লাহর রহমতে ও জনগণের সমর্থনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে এবং আমাদের নেতা তারেক রহমান যখন দেশে থাকবেন -দেশে কোন চাদাবাজি থাকবে না। চাদাবাজির ঠাই বিএনপিতে হবে না।
জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা বলেন, একতরফাভাবে বিএনপিকে চাঁদাবাজ বলছে কিন্তু আরেকটি দল যারা ইসলামের কথা বলে তারাও কিন্তু এখন কম না, তারাও পাল্লা দিচ্ছে। মার্কেট দখল করে নিচ্ছে এবং ব্যাংকও দখল করে নিয়েছে তারা। বিএনপি'র লোকেরা টেম্পু স্ট্যান্ট ও বাস স্ট্যান্ড থেকে ১০-২০ টাকা করে একশো বছর চাঁদা তুললেও ওরা যেই পরিমাণ ব্যাংক থেকে টাকা লুট করেছে এর সমান হবে না।
শুধু তাই নয় বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দেশের সব গুরুত্বপূর্ণ যায়গায় এখন জামায়াত বসে যাচ্ছে। কোন যায়গায়ই তারা বাকি রাখছে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মাসিস্ট ফোরামের সভাপতি এম নাজমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ডা. মো. লাবিদ রহমান, মো. রমিজ উদ্দিন রুমি, মো. হাছনাইন রানা প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


