উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যর লন্ডনের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নাম্বার গেট অর্থাৎ ভিভিআইপি গেট দিয়ে ঢাকা ত্যাগ করবেন তিনি। শেষ মুহূর্তে খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দর সড়ক জুড়ে নেতাকর্মীদের ভিড় দেখা যায়। তারা সাবেক এই প্রধানমন্ত্রীকে সশরীরে হাজির থেকে বিদায় জানাতেই সড়কে জড়ো হয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হবেন বিএনপি চেয়ারপারসন। তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসা ফিরোজার সামনে নেতাকর্মীরা জড়ো হয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, ফিরোজার সামনের সড়কে গাড়ি চলাচল বন্ধ। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখা গেছে। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিও অন্য যে কোনো দিনের চেয়ে বেশি।
জানা গেছে, রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হয়ে গুলশান-২ নম্বর গোলচত্বর ও কাকলী গোলচত্বর হয়ে শাহজালাল বিমানবন্দরের দিকে এগোবে।
ইতোমধ্যে খালেদা জিয়ার সাথে দেখা করার জন্য ফিরোজায় প্রবেশ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদ খালেদা জিয়াকে বিদায়ি শুভেচ্ছা জানাতে তার বাসায় প্রবেশ করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

