নতুন করে কেউ আ.লীগ হতে চাইলে পরিণতি হাসিনার মতোই হবে: রাশেদ প্রধান

নতুন করে কেউ আ.লীগ হতে চাইলে পরিণতি হাসিনার মতোই হবে: রাশেদ প্রধান

ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে কোনো ‘নতুন আওয়ামী লীগ’ বা দিল্লির নব্য তোষণকারী দেখার জন্য শেখ হাসিনার পতন ঘটায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্ষমতার মসনদে বসে ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে বা নতুন করে কেউ আওয়ামী লীগ হতে চাইলে তাদের পরিণতি শেখ হাসিনার মতোই হবে।

বুধবার সকালে রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে যুব জাগপা আয়োজিত ‘শহীদ আবরার ফাহাদ দিবস’ উপলক্ষে “রুখে দাঁড়াও ভারতীয় আধিপত্যবাদ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জাগপার মুখপাত্র বলেন, ২০১৯ সালের এই দিনে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ও দেশের ন্যায্য হিস্যার পক্ষে কথা বলার অপরাধে তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। তারা ভেবেছিল একটি কণ্ঠ রোধ করলেই দেশের মানুষকে চুপ করানো যাবে। কিন্তু আবরারের আত্মত্যাগ থেকে হাজারো আবরারের জন্ম হয়েছে, যাদের আঘাতেই ফ্যাসিবাদের পতন নিশ্চিত হয়েছে।

রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে রাশেদ প্রধান বলেন, শেখ হাসিনা ও তার বাহিনী পালালেও তাদের রেখে যাওয়া আধিপত্যবাদের দোসররা এখনো সক্রিয়। যারা নতুন করে ক্ষমতার স্বাদ পেয়ে পুরোনো বন্দোবস্ত বহাল রাখতে চায়, যারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে ভয় পায় এবং দিল্লির সমর্থন পেতে দৌড়ঝাঁপ করে, দেশের মুক্তিকামী জনতা তাদের চিনে ফেলেছে। আধিপত্যবাদের গোলামি করলে জনতার আদালতে তাদের বিচার ফ্যাসিবাদের দোসরদের মতোই হবে বলে মন্তব্য করেন তিনি।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন- জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, ঢাকা মহানগর সভাপতি এস এম জিয়াউল আনোয়ার ও সহসভাপতি নাজমুল হাসান, যুব জাগপা ঢাকা মহানগর সভাপতি এস এম ওলিউল আনোয়ার ও সাধারণ সম্পাদক ওসমান গণি এবং যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের, সামিরুল ইসলাম রাকিব, যুব ও ক্রীড়া সম্পাদক জনি নন্দী ও মো. আল-মামুন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন