জামায়াতে ইসলামীকে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি আখ্যায়িত করার প্রতিবাদ জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
শুক্রবার দলটির দপ্তর সম্পাদক কামরুল আহসান অপুর সই করা এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তিনি।
আবদুর রব বলেন, ১৯৭১-এ স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে এবং মানবতাবিরোধী অবস্থান করেও স্বাধীন দেশে জামায়াতে ইসলামকে দেশপ্রেমিক শক্তি হিসেবে আখ্যায়িত করা ইতিহাসের নির্মম রসিকতা ছাড়া কিছুই নয়। মুক্তিযুদ্ধের বিরোধিতা করে নিজ দেশের নাগরিকদের হত্যার সাথে জড়িত থাকা দেশপ্রেমের পরিচয় নয়। এসব বক্তব্য মুক্তিকামী মানুষের জন্য অসম্মানজনক।
গত বছরের ডিসেম্বরে রংপুরের পাগলাপীরে দলের এক জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে– একটি সেনাবাহিনী, আরেকটি জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ সরকার এ দুই শক্তিরই ক্ষতিসাধন করেছে। আগেই সেনাবাহিনীর ক্ষতিসাধন করেছে। পরে জামায়াতকে তছনছ করে দিতে উঠে পড়ে লাগে।
জেএসডি'র সভাপতি বলেন, অন্যদের বীরত্ব লড়াই সংগ্রামকে অস্বীকার করে নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণা করার রাজনীতি গত ১৫ বছর জাতি প্রত্যক্ষ করেছে। এক জাতি এক নেতা এক দেশ-অপ্রতিরোধ্য করার পরিণতিও আমরা দেখেছি। এবারে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে নজিরবিহীন পরিবর্তন ঘটেছে, তাকে আত্মসাৎ করার প্রবণতা থেকে সকল পক্ষকেই সতর্ক থাকতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

