বাস্তবতা হচ্ছে এখন পর্যন্ত সংস্কারের কোন জিনিস আমরা দৃশ্যত দেখছি না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্য’র সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণশক্তি সভা কর্তৃক আয়োজিত ‘জুলাই সনদ ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বাস্তবতা হচ্ছে সংস্কারের কোন জিনিস এখন পর্যন্ত আমরা দৃশ্যত দেখছি না। বাকি সময়ে কী দেখব? এই পুলিশ যদি ঠিক না হয়-মবক্রেসি বলেন, ভোটটা ঠিক মতো হওয়ার কথা বলেন অথবা শান্তিতে বাস করার কথা বলেন, যাই বলেন না কেন সেনাবাহিনী দিয়েতো সেটা হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণ টেনে নাগরিক ঐক্য’র সভাপতি বলেন, ঢাবি কর্তৃপক্ষ বলেন আমরা ভোটের দিন এখানে সেনাবাহিনীকে নিয়ে আসবো। আর সেনাবাহিনী বলেছে এটা আমাদের কাজই নই। আমাদের নিজেদের মধ্যে কতবড় দ্বন্দ্ব নিয়ে কত বড় শূন্যতা নিয়ে একজন অপরজনের সাথে সম্পর্ক গড়ে তুলবার চেষ্টা করছি ভেবে দেখেন। কী হবে শেষ পর্যন্ত আমি জানি না। ভালো মতো সব হয়ে যাক তাই চাই। কিন্তু সেনাবাহিনী দিয়ে চলবে না।
গণশক্তি সভার সভাপতি সাদেক রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চ মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী, কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক, সাবেক সচিব ও কূটনীতিক আব্দুল্লাহ আল মামুন, গণ মুক্তিযোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

