বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে এনসিপির উদ্দেশে বলেছেন, ‘আপনারা জুলাই শহীদদের জন্য কী করেছেন?’
এ প্রশ্নের উত্তর দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘মাত্র দেড় বছরে ২ হাজারের বেশি আন্দোলনের মাঝেও কোনো পলিটিকাল দলের নিঃশর্ত ব্যাকআপ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার যা কিছু করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে।’

ফেসবুকে ইনফোগ্রাফ আকারে তথ্যগুলো তিনি তুলে ধরেন।
সারজিস আরো বলেন, ‘জনাব ইশরাক হোসেন প্রায় ছয় মাস ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আমরা আপনার কাছে জানতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার তার সময় যে উদ্যোগগুলো হাতে নিয়েছিল, সেগুলো ছাড়া নতুন করে এ ছয় মাসে আপনি এবং আপনার মন্ত্রণালয় জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের জন্য কী কী করেছেন?’
সারজিসের ইনফোগ্রাফে ১৮ মাস ৯ দিনে ২ হাজারের বেশি আন্দোলনের মাঝেও জুলাইয়ের জন্য অন্তর্বর্তী সরকার যা করেছে, তা তুলে ধরা হয়। তিনি সংক্ষেপে আটটি পয়েন্টে তার উত্তর দেন। এর মধ্যে রয়েছে—
১। শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা।
২। গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর।
৩। জুলাই সনদ প্রণয়ন।
৪। প্রতিটি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ।
৫। শহীদ ও আহতের তালিকা প্রণয়ন, এককালীন অর্থ ও মাসিক সম্মানী প্রদান।
৬। ২০ হাজারের বেশি আহতের চিকিৎসার ব্যবস্থা।
৭। নিষিদ্ধ আ. লীগের সাবেক ৩৬ মন্ত্রী ও ৪৩ এমপি গ্রেপ্তার।
৮। রাষ্ট্রপতি, সোবহান থেকে এস আলমসহ ব্যাংকলুটেরাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


