গণভোটের রায় উপেক্ষা করা হলে জনগণ অধিকার আদায়ে আবারও রাজপথে নেমে আসবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের ভোটে প্রকাশিত গণরায়ের অধিকার পুরোপুরি আদায় না হওয়া পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিসের এই আন্দোলন অব্যাহত থাকবে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরের খোলামোড়া ঘাট (টেম্পু স্ট্যান্ড) এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস কামরাঙ্গীরচর থানা শাখার উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপির সংবিধান সংস্কারের পূর্ববর্তী অঙ্গীকারের প্রসঙ্গ টেনে মাওলানা মামুনুল হক বলেন, ‘তাদের ৩১ দফার অন্যতম প্রধান বিষয় ছিল সংবিধান সংস্কার। অথচ সরকারে আসার পর সেই অঙ্গীকার বাস্তবায়নে এখন অনীহা দেখা যাচ্ছে।’
দেশের অর্থনীতি ও বিদ্যুৎ খাতের সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, উৎপাদন খাত ক্রমাগত সংকুচিত হওয়ায় শিল্পপ্রতিষ্ঠানের স্থায়ী ব্যয় অপরিবর্তিত থেকে প্রতিটি পণ্যের উৎপাদন খরচ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর ফলে বাংলাদেশের অর্থনীতি আজ ধ্বংসের প্রান্তে উপনীত হয়েছে। তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতের দায়িত্বশীলদের ভূমিকার সমালোচনা করে তিনি আশঙ্কা প্রকাশ করেন, দেশের স্বার্থ রক্ষার পরিবর্তে কেউ কেউ পার্শ্ববর্তী দেশের স্বার্থে কাজ করছেন, যার ফলে দেশের তৈরি পোশাক খাত ও বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, রাষ্ট্রের সব ক্ষমতা কোনো একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না রেখে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান বিচারপতির নেতৃত্বে একটি স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানান তিনি।
পুলিশ ও প্রশাসন প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের ক্যাডার বাহিনী হতে পারে না; পুলিশ হবে প্রকৃত অর্থে জনগণের সেবক এবং রাষ্ট্রের স্বাধীন প্রতিষ্ঠান। প্রশাসনকে পুরোপুরি দলীয়করণমুক্ত করার পাশাপাশি সরকারি চাকরিতে মেধা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে একটি স্বাধীন পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) গঠনের দাবি জানান তিনি।
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার কথা স্মরণ করে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের পর মানুষ ইনসাফ ও ন্যায়বিচার প্রত্যাশা করেছিল। কিন্তু শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং হত্যাকারীদের নির্বিঘ্নে দেশত্যাগের ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিচারব্যবস্থা নিয়ে নতুন করে গভীর প্রশ্ন তৈরি করেছে। সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ভারতের সঙ্গে যথাযথ কূটনৈতিক উদ্যোগ নিতে হবে।’
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস বিভিন্ন নির্বাচনী এলাকায় প্রার্থিতা দিচ্ছে। এ সময় তিনি কামরাঙ্গীরচরের ৫৫ নম্বর ওয়ার্ডে দলের মনোনীত কাউন্সিলর প্রার্থী হিসেবে হাফেজ সাইদুজ্জামান শাহীনের নাম ঘোষণা করে তাঁকে এলাকাবাসীর হাতে তুলে দেন এবং জনগণের সেবা করার সুযোগ চান। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দলের মেয়র প্রার্থী শেখ নাসের আহমদের পক্ষেও তিনি এলাকাবাসীর কাছে জোরালো সমর্থন কামনা করেন।
তিনি আরও বলেন, বিদেশি আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করা এবং সমাজে প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের এই আন্দোলন সর্বাত্মকভাবে চালিয়ে যাওয়া হবে।
কামরাঙ্গীরচর থানা শাখার সভাপতি মুফতি খায়রুজ্জামান হুজাইফীর সভাপতিত্বে এবং ৫৫ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা কামরুজ্জামান রাহমানীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ছানাউল্লাহ আমিনী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম, সহসভাপতি মাওলানা ইমদাদ আশরাফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান, যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশতাক আহমদ ও যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য মোহাম্মদ রাশেদ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


