রাজশাহী মহানগরীর তেরোখাদিয়া ডাবতলা এলাকার স্পার্ক ভিউ ভবনে মহানগর দায়রা জজ আবদুর রহমানের বাসায় গত ১৩ নভেম্বর সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে তার পুত্র নবম শ্রেণির ছাত্র তাওসিফ রহমান সুমনের নির্মম মৃত্যু এবং স্ত্রী তাসমিন নাহার লুসীর আহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী।
শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই নিন্দা জানানোর পাশাপাশি বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
গোলাম পরওয়ার বলেন, “এ ধরনের বর্বর হত্যাকাণ্ড কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। একটি নিরপরাধ শিশুকে হত্যা করা এবং একজন মায়ের ওপর সন্ত্রাসী হামলা মানবতাবিরোধী অপরাধের শামিল। আমরা এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে নিহত তাওসিফের শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি মহান রব তাদেরকে ধৈর্য ধারণ করার তাওফীক দান করুন। আহত তাসমিন নাহার লুসীর দ্রুত সুস্থতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, প্রকৃত দোষীদের গ্রেফতার এবং আইনের মাধ্যমে দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে। এই ঘটনায় যেন কোনোভাবেই গাফিলতি বা ধামাচাপা না থাকে—সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ দাবি জানাচ্ছি এবং বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও আহ্বান জানাচ্ছি।”
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

