হাসিনার কায়দায় চললে প্রতি বিপ্লব করতে জনগণ প্রস্তুত: সাইফুল হক

হাসিনার কায়দায় চললে প্রতি বিপ্লব করতে জনগণ প্রস্তুত: সাইফুল হক

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আপনারা হাসিনার কায়দায় কাজ করে যাচ্ছেন। যদি এই কায়দায় আপনারা চলতে থাকেন তাহলে এই দেশের জনগন প্রতি বিপ্লব করতে প্রস্তুত। তিনি বলেন, আপনাদের অনেকে এখনও হাসিনার ছেঁড়া জুতা পড়ে হাটছেন। লক্ষণ ভালো নয়, সেই জুতা ফেলে চলুন।

শুক্রবার দুপুরে ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট মিলানায়তনে বাংলাদেশ বিপ্লবী যুব সংহতি আয়োজিত জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ১৪ মাসে তরুণদের বিপ্লবী চেতনার আগুনে পানি ঢেলে দেয়া হয়েছে। এই দেশের তরুণরা রাজপথে রক্ত দিয়ে বিপ্লব অর্জন করে দিয়েছে। কিন্তু বর্তমানে সরকারের নানান কর্মকান্ডে তা বিতর্কিত করা হচ্ছে।

সাইফুল হক বলেন, বর্তমানে নানা ক্ষেত্রে বৈষম্য আরও বৃদ্ধি পেয়েছে। কেউ কেউ গণঅভ্যুত্থানকে লটারি জেতার সুযোগ হিসেবে কাজে লাগিয়ে শত শত কোটি টাকা কামিয়েছেন। কিন্তু এই ১৪ মাসে আমরা যা আশা করছিলাম সেভাবে ফল পাইনি। এজন্য বেকারত্ব, দারিদ্রসীমা এখনও বৃদ্ধি পাচ্ছে।

এসময় তিনি আক্ষেপ করে বলেন, একটা গোষ্ঠী আমাদের তরুণদের মব সন্ত্রাসে ব্যাবহার করছে। দখল দারিত্ব, চাঁদাবাজিতে ছেড়ে দিয়েছে। এছাড়া প্রতিপক্ষ রাজনৈতিক নেতাদের উপর হামলা করার জন্য তারা তরুণদের ব্যাবহার করছে।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে সাইফুল হক বলেন, শতাধিক দলবল নিয়ে জাতিসংঘের সম্মেলনে গেলেন। কিন্তু অন্যান্য দলের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলেন না। সফরের নামে শত কোটি টাকার অপচয় করলেন। যেমনটা শেখ হাসিনা করতো।

ওয়ার্কর্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক দলে মত পার্থক্য থাকবে এটা স্বাভাবিক। কিন্তু আন্দোলনের নামে সড়ক দখলের চেষ্টা করলে জনগন প্রতি বিপ্লবের জমিন তৈরি করে দিবেন না।

এসময় বাংলাদেশ বিপ্লবী যুব সংহতির সভাপতি বাবার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি মোহন রায়হান। এছাড়াও দলের অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...