জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আন্দোলনরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর একটি ভুঁইফোড় সংগঠনের আড়ালে একদল সন্ত্রাসী ভয়াবহ হামলায় নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বুধবার সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আন্দোলনরত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর একটি ভুঁইফোড় সংগঠনের আড়ালে একদল সন্ত্রাসী ভয়াবহ হামলা করেছে। এই সন্ত্রাসী হামলায় নারী শিক্ষার্থীসহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অসংখ্য সাধারণ শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন।
ছাত্রদলের দাবি, স্বাধীন বাংলাদেশে যেকোনো ব্যক্তি বা সংগঠনের শান্তিপূর্ণ সভা-সমাবেশ ও মত প্রকাশের অধিকার রয়েছে। বিশেষ করে, বিগত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অসংখ্য প্রাণের বিনিময়ে শান্তিপূর্ণ মত প্রকাশ ও সভা সমাবেশের যে অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, তা ক্ষুণ্ন করে এ ধরণের হামলা খুবই উদ্বেগজনক।
সংগঠনটি আরও জানায়, যেকোনো শান্তিপূর্ণ সভা-সমাবেশে ধরনের ন্যাক্কারজনক হামলা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি অবমাননা ও তাদের স্বপ্নের মুক্ত বাংলাদেশের ওপর আঘাতের শামিল। ধরনের হামলাকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করতে হবে।
সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এমন ঘৃণ্য হামলার ঘটনায় যথাযথ তদন্তের মাধ্যমে দায়ীদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

