রাশেদ প্রধান

৪ গাড়ি ও ড্রাইভারের হিসাব না দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির হিসাব দিন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

৪ গাড়ি ও ড্রাইভারের হিসাব না দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির হিসাব দিন

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করে জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতির জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে আয়োজিত সদ্য কারামুক্ত যুব জাগপার কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক জনি নন্দীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাশেদ প্রধান বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভয়াবহ খারাপ। অতীতে ভারতের শিলংয়ে বিলাসী জীবনযাপন করা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এখন সংসদে উর্দু-ফার্সি শের-শায়েরি নিয়ে ব্যস্ত। জনগণ সময়মতো তার বিলাসী জীবনের হিসাব নেবে। আপাতত তিনি ৪ গাড়ি ও ৪ ড্রাইভারের হিসাব না দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির হিসাব দিন।”

তিনি আরও বলেন, “বিএনপির রাষ্ট্রীয় মবের প্রতিবাদ করতে গিয়ে যুবনেতা জনি নন্দী গ্রেপ্তার হয়েছিলেন। তার দুই মাসের কারাবন্দী জীবন আমাদের শিখিয়েছে— যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ করতে হবে। জালিমশাহীর রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে। জনি নন্দীর ঘটনাই প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন বিএনপিপন্থী হয়ে পড়েছে।”

রাশেদ প্রধান অভিযোগ করেন, গত ১৭ এপ্রিল তার একটি বক্তব্যকে কেন্দ্র করে সরকারপন্থী ও বিএনপি-সমর্থিত একটি গোষ্ঠী তার বাসভবনের সামনে জড়ো হয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে। তিনি দাবি করেন, ওই সময় তার বাসভবন লক্ষ্য করে হামলার চেষ্টা হলে জনি নন্দী তা প্রতিহত করার উদ্যোগ নেন। পরে পুলিশ হামলাকারীদের সরিয়ে দিয়ে জনি নন্দীকেই গ্রেপ্তার করে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জনি নন্দীর সাহসিকতা ও রাজনৈতিক নিষ্ঠার প্রশংসা করেন দলের নেতারা। তারা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং দলের আদর্শ রক্ষায় তার ভূমিকা সংগঠনের কর্মীদের অনুপ্রাণিত করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, যুব জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু নাসের এবং জাগপা ছাত্রকাফেলা ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মো. ইমরান হাসান রাহুল।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জনি নন্দীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...