বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি ক্ষমতার জোরে নয়, জনগণের শক্তির ওপর নির্ভর করেই রাজনীতি করে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে। ক্ষমতার জোর দেখিয়ে নয়, জনগণের শক্তির ওপর ভর করেই বিএনপি রাজনীতি করে।
সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে বর্তমানে বিএনপি দেশের দায়িত্বে রয়েছে। কিন্তু আমাদের দল ক্ষমতার জোর দেখিয়ে কখনোই রাজনীতি করেনি। বিএনপি জোর দেখায় একটাই, সেটা হচ্ছে জনগণের শক্তির জোর।’
তিনি বলেন, বিরোধী দলকে গণতান্ত্রিক পরিবেশে কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হচ্ছে। সংসদের ভেতরে-বাইরে কথা বলা এবং রাজনৈতিক কর্মসূচি পালনে তাদের এখন কোনো বাধা নেই।
রিজভী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলের লং মার্চ ঢাকা থেকে রংপুর যাওয়ার পথে গাজীপুর, কালিয়াকৈর, মির্জাপুর, টাঙ্গাইল, বগুড়া ও সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে বাধার মুখে পড়ত। পক্ষান্তরে তারেক রহমানের সরকারের সময় বিরোধী দলের ঢাকা থেকে রংপুরগামী লং মার্চ নির্বিঘ্নে টাঙ্গাইল ও বগুড়া হয়ে রংপুরে পৌঁছেছে। পথে অনেক সভাও হয়েছে।
তিনি বলেন, দেশে শান্তিময় পরিবেশ বিরাজ করছে। বিরোধী দল কর্মসূচি করছে, তাতে সরকারের আপত্তি নেই। গণতন্ত্রে সংসদের ভেতরে-বাইরে কথা বলার সুযোগ রয়েছে। তবে নতুন নেতৃত্বে আসা নেতাদের কেউ কেউ হুমকি-ধামকি, অশালীন ও মিথ্যা বক্তব্য, অপপ্রচার এবং প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন।
বিরোধী দলের প্রতি প্রশ্ন রেখে রিজভী বলেন, ‘বিরোধী দল তো আজকের বিরোধী দল, আগামীতে সরকারও হতে পারে। তাহলে সরকার হলে কিভাবে চালাবে?’ এ সময় বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলের কোনো বিকল্প প্রস্তাব থাকলে তা জানতে চান তিনি।
বর্তমান জ্বালানি সংকট প্রধানমন্ত্রী তারেক রহমান বা বিএনপি সরকারের সৃষ্টি নয় দাবি করে রিজভী বলেন, এর পেছনে বৈশ্বিক পরিস্থিতি রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বাংলাদেশের জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে।
তিনি বলেন, গ্যাস সরবরাহ কমে গেলে মিল-কলকারখানা চালানো এবং বাসাবাড়িতে রান্নার চুলা জ্বালানো কঠিন হয়ে পড়ে। এ সংকট মোকাবিলায় সরকার বাজেটের চেয়ে আরও ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করে মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো কাছের দেশ থেকে গ্যাস ও এলএনজি আনার উদ্যোগ নিয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, কারিগরি ত্রুটির কারণে একটি টার্মিনালে সমস্যা হয়েছিল, সেটি ঠিক করা হয়েছে। বর্তমানে গ্যাসের চাপ বেড়েছে এবং বিদ্যুৎ সংকটও ধীরে ধীরে কমছে।
বিএনপিকে এক দফার হুমকি দিয়ে ভয় দেখানো যাবে না মন্তব্য করে রিজভী বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের সঙ্গে রাজপথের ইট, কাঠ, ধূলা ও বালুর দীর্ঘ সম্পর্ক রয়েছে।
তারেক রহমান জোর করে ক্ষমতায় আসেননি উল্লেখ করে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে এবং দলের নেতাকর্মীরা আত্মত্যাগ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ১৬-১৭ বছর ধরে জনগণ সুসংগঠিত ও প্রস্তুত ছিল। জুলাইয়ের আন্দোলন ও আগস্টে শেখ হাসিনার পতন সেই প্রস্তুতিরই বহিঃপ্রকাশ।
সরকারের খাল খনন কর্মসূচির প্রসঙ্গে রিজভী বলেন, পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও ২৫ হাজার কোটি গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। এর ফলে ‘ধান, নদী, খাল—এই তিনে বরিশাল’ হাজার বছরের সেই ঐতিহ্য ফিরে আসছে।
তিনি বলেন, বিএনপি অবলম্বনহীন বা খুঁটিবিহীন কোনো রাজনৈতিক দল নয়। ‘বিএনপির খুঁটি কোনো বাঁশের খুঁটি নয়, বিএনপির খুঁটি জনগণের খুঁটি।’ জনগণের সেই খুঁটি এত শক্ত যে হিমালয়ের শক্তি দিয়ে আঘাত করলেও তা টলানো যাবে না।
বিক্ষোভ মিছিলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, বিএনপি কোনো খুচরা দল নয়, বিএনপি জনগণের দল। জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ক রয়েছে। তিনি বলেন, বিএনপি কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা চায় না। বিরোধী দলে থাকাকালে বিএনপি মারামারি করেনি, অস্ত্র হাতে তুলে নেয়নি।
আবদুস সালাম বলেন, জিয়াউর রহমান এ দেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। তার সন্তান তারেক রহমান আজ রাষ্ট্রক্ষমতায়। বিএনপি কারও ওপর কিংবা বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় আসেনি। জনগণ তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছে। তাই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দায়িত্ব বিএনপির প্রতিটি নেতা-কর্মীর।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ অনেকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


