আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কক্সবাজারে নাহিদ ইসলাম

বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না

আমার দেশ অনলাইন

বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

বাংলাদেশের সরকার কে গঠন করবে, তা এ দেশের জনগণই নির্ধারণ করবে—কোনো বিদেশি ষড়যন্ত্র বা আধিপত্য মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না।

বৃহস্পতিবার কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি গ্রহণ করেছে, তারাই আজ বাংলাদেশের ‘নতুন জালেম’ হিসেবে আবির্ভূত হয়েছে। এসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দিন হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি।

তিনি আরো বলেন, আমাদের এই নির্বাচনি লড়াই শুধু কক্সবাজার-২ আসনের মধ্যে সীমাবদ্ধ নয়। এই লড়াই পুরো বাংলাদেশের জন্য। আমরা ঐক্যবদ্ধ হয়েছি আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে দেশকে দখলমুক্ত করার জন্য।

জনসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জাতিকে রক্ষার জন্য একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি। নির্বাচনে যদি কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্র করা হয়, তবে এই জাতি তা রুখে দেবে এবং কোনোভাবেই মেনে নেবে না।

তিনি সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরপেক্ষ ও দৃঢ় ভূমিকা পালনের মাধ্যমে জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তাহের আরো বলেন, গণতন্ত্র ও সকলের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গুণগত নতুন বাংলাদেশ গড়ার মাইলফলক হবে ১২ ফেব্রুয়ারির নির্বাচন। জাতীয় পরিবর্তন, উন্নয়ন এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্তের সময়।

এ সময় বক্তারা উপস্থিত জনসাধারণকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

শেষে কক্সবাজার-২ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হামিদুর রহমান আযাদ বলেন, লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ফেরি ব্যবস্থার উন্নয়ন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...