ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা এক সহ-সভাপতি (ভিপি) প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) প্যানেলকে পূর্ণ সমর্থন জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নেন।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী মাসুম বিল্লাল এ ঘোষণা দেন। তিনি শহীদ সাহিত্যিক ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে ভিপি পদে প্রার্থী ছিলেন।
সংবাদ সম্মেলনে মাসুম বিল্লাল বলেন, আমি মাসুম বিল্লাল। আমি আমার অবস্থান থেকে সরে দাঁড়িয়েছি। আমি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছি। আমি জানি কর্মীর চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ।
তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের প্রতি পূর্ণ শ্রদ্ধাবোধ রেখে আমি ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী মো. আসিকুর রহমান আশিককে সমর্থন জানাচ্ছি।
এর আগে, একই দিন সকালে ছাত্রদল এক বিবৃতিতে জানায়, আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ দলীয় প্যানেলের বাইরে কোনো নেতা-কর্মী প্রার্থী হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ এবং সংশ্লিষ্ট হল সংসদে মনোনীত প্যানেল ব্যতীত অন্য কোনো নেতা-কর্মী যদি এখনও প্রার্থী থেকে যায়, তবে আগামী ১২ ঘণ্টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া বিবৃতিতে জানানো হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির যৌথভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

