সরকারের ইতিবাচক কাজে পাশে থাকবে জামায়াত: সেলিম উদ্দিন

স্টাফ রিপোর্টার

সরকারের ইতিবাচক কাজে পাশে থাকবে জামায়াত: সেলিম উদ্দিন
ছবি: আমার দেশ

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সরকার পাল্টানোর রাজনীতি জামায়াতে ইসলামী করে না। বরং জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সরকার আন্তরিকভাবে কাজ করলে জামায়াত তার ইতিবাচক কর্মকাণ্ডে সহযোগিতা করবে। তবে অন্যায়, অবিচার ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলটি আপসহীন থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

রাজধানীর উত্তরায় সোনারগাঁ জনপথ সড়কের পাশে একটি মিলনায়তনে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত ‘নগর উন্নয়নে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সেলিম উদ্দিন বলেন, সরকারের মধ্যে ধৈর্য ও বিচক্ষণতার অভাব রয়েছে। তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন তরুণেরা দেখেছিল, তার অনেক কিছুই এখনো বাস্তবায়িত হয়নি।

ডিএনসিসির মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিন বলেন, নির্বাচিত হলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব সেবাকে দুর্নীতিমুক্ত করতে জবাবদিহি নিশ্চিত করা হবে। পাশাপাশি অভিযোগ গ্রহণ ও সেবা কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরো জানান, জনশক্তি কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি, নিরাপদ ও বাসযোগ্য নগর গঠন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নগর নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও কামনা করেন তিনি।

সেলিম উদ্দিন বলেন, নগরবাসী আর সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতায় দুর্ভোগ দেখতে চায় না। একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মানবিক ঢাকা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জামায়াতের এই নেতা বলেন, দেশের অধিকাংশ তরুণ উচ্চশিক্ষা সম্পন্ন করেও কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে না। মেধাবী তরুণদের যথাযথ সুযোগ প্রদান করা হলে তারাই একটি উন্নত, আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হবে বলেও জানান সেলিম উদ্দিন।

সেমিনারে অংশ নেওয়া শতাধিক তরুণ-যুবক নগর উন্নয়ন, কর্মসংস্থান, নাগরিক সেবা ও আধুনিক নগর ব্যবস্থাপনা নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন। তাদের বিভিন্ন মতামত ও প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...