সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের গলিমবাবুর হাটে পথসভায় তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল জানান, এ গণভোটের মূল প্রশ্ন একটাই কে সংস্কার চায়, আর কে চায় না। আমাদের দেশ ও রাষ্ট্র যেভাবে চালানো হয়েছিল, যারা তা চালিয়েছিল তারা আজ পালিয়ে গেছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার দরকার, আর সেই সংস্কারের সিদ্ধান্ত নিতেই এই গণভোট। যারা সংস্কার চান তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর যারা চান না তারা ‘না’ ভোট দেবেন। আমরা সবাই সংস্কার চাই তাই সবাই ‘হ্যাঁ’ ভোট দেব।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব সময় আপনাদের পাশে আছি। আপনাদের কোনো ক্ষতি করতে কেউ পারবে না।
বিএনপি মহাসচিব বলেন, আর মাত্র তিন দিন পরই সিদ্ধান্ত হবে এই দেশ আগের মতো চলবে, না কি নতুন পথে এগোবে। আপনারা কি নতুনভাবে দেশ চালাতে চান না? আমাদের নেতা তারেক রহমান তরুণ, উদ্যমী ও আধুনিক চিন্তাধারার মানুষ। পুরোনো রাজনীতির বদলে আমরা নতুন নেতৃত্বকেই সমর্থন করব।
তিনি বলেন, এদেশের প্রধানমন্ত্রী হোক একজন তরুণ, যিনি নতুন চিন্তাভাবনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আসুন সবাই মিলে সেই পরিবর্তনের পক্ষে অবস্থান নিই।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

