আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ধানের শীষে ভোট চেয়ে জাবির ৬১ শিক্ষকের বিবৃতি

জাবি প্রতিনিধি

ধানের শীষে ভোট চেয়ে জাবির ৬১ শিক্ষকের বিবৃতি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষে ধানের শীষে ভোট প্রদানের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৬১ জন শিক্ষক।

রোববার (৮ ফেব্রুয়ারি) জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এর পক্ষে থেকে এই বিবৃতি প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা, ক্ষমতার কেন্দ্রীকরণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের কার্যকারিতা হ্রাস পাওয়ার ফলে বাংলাদেশ আজ এক গভীর সংকটের মুখোমুখি। বিশেষ করে নির্বাচনি ব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট হওয়ায় গণতন্ত্র কার্যত অর্থহীন হয়ে পড়েছে সুতরাং একটি বৈষম্যহীন মানবিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জানিয়ে এই ভোট চাওয়া হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব নয়। অথচ সাম্প্রতিক বছরগুলোতে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে, যা ভোটাধিকারকে সীমিত করেছে এবং জনগণকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারমূলক প্রস্তাবনা বিশেষ করে ৩১ দফায় প্রস্তাবিত নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং প্রশাসনিক সংস্কার একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সময়োপযোগী। এসব প্রস্তাবের সঙ্গে অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে রাষ্ট্রীয় বিনিয়োগ বৃদ্ধি এবং নারী ও যুব সমাজের ক্ষমতায়নের বিষয়গুলো যুক্ত হওয়ায় এটি একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের রূপরেখা তৈরি করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে এ অবস্থান বলে উল্লেখ করে তারা বলেন, একটি জাতির টেকসই উন্নয়ন নির্ভর করে মুক্তবুদ্ধির চর্চা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর। কিন্তু বর্তমানে শিক্ষা ও গবেষণার পরিবেশ সংকুচিত হচ্ছে এবং মতভিন্নতার প্রতি অসহিষ্ণুতা বাড়ছে, যা জাতির ভবিষ্যতের জন্য উদ্বেগজনক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন