বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকের অপসারণের দাবিতে দপ্তরে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় রোববার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস অ্যাসোসিয়েশন (ব্রুসা) ও সাধারণ শিক্ষার্থীরা শারীরিক শিক্ষা দপ্তরে তালা দেন।

বিজ্ঞাপন

এর আগে, ব্রুসার ফেসবুক পেজ থেকে পরিচালককে অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ১২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। রোববার দুপুর ১২টার মধ্যে দাবি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করে দেন শিক্ষার্থীরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় দুপুরে প্রশাসনিক ভবনে একত্রিত হয়ে শারীরিক শিক্ষা দপ্তরে তালা ঝুলিয়ে দেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে একজন শিক্ষককে পরিচালক হিসেবে নিয়োগ না দিয়ে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে আসছেন। গত সপ্তাহেও পরিচালকের অপসারণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা।

তালা দেওয়ার পর ব্রুসার সভাপতি মনিবুর রহমান মিতু বলেন, ‘আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের আশানুরূপ কোনো ফলাফল দেয়নি। আজকে আমরা আসার পর কয়েক দফায় কথা হয়েছে। কিন্তু কথা বলার পরও প্রশাসন আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। আমরা আগে থেকেই নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলাম। সেই সময় পেরিয়ে যাওয়ায় শারীরিক শিক্ষা দপ্তরে তালা লাগিয়ে দিয়েছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানানো হবে।’

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ও ইনফরমেশন সেন্টারের উপ-গ্রন্থাগারিক মো. মামদুদুর রহমানকে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক হিসেবে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এ নিয়োগের পর থেকেই তার অপসারণের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। সম্প্রতি উপাচার্যের কার্যালয়ে কর্মকর্তাদের মধ্যে মারামারির ঘটনায়ও অন্যতম অভিযুক্ত হিসেবে রয়েছেন এই কর্মকর্তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন