সাবেক স্ত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও দিয়ে পর্নোগ্রাফি তৈরি করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে তা ছড়িয়ে সামাজিক মর্যাদাহানির অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদল নেতা খালিদ পারভেজকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-২ বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেপ্তার খালিদ পারভেজ ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকায়। তার বাবার নাম আমজাদ হোসেন ঝন্টু।
এসআরবি সূত্র জানায়, খালিদ পারভেজের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে একটি মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সংশ্লিষ্ট থানার রিকুইজিশনের ভিত্তিতে তাকে আটক করা হয়। প্রথমে তাকে হাতিরঝিল থানায় সোপর্দ করা হয়েছে, পরে ঠাকুরগাঁও সদর থানায় হস্তান্তর করা হবে।
মামলার নথি অনুযায়ী, গত ১ জুলাই ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলামের আমলি আদালতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২), ৮(৩) ও ৮(৪) ধারায় মামলাটি করেন ভুক্তভোগী নারী। এটি ঠাকুরগাঁও আমলি আদালতের সি.আর. ৬৭৪/২০২৬ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত হয় এবং ৯ জুলাই ঠাকুরগাঁও সদর থানায় এজাহার হিসেবে গৃহীত হয়। মামলায় খালিদ পারভেজের পাশাপাশি রবিউল ইসলাম (২৯) নামে আরেকজনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ ওই নারীর সঙ্গে খালিদ পারভেজের বিয়ে হয়। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী হিসেবে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন। ১৬ জুন ওই নারীকে না জানিয়েই তাকে তালাক দেন খালিদ। তালাকের পরও তিনি ওই নারীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন এবং রাজি না হলে দাম্পত্য জীবনের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ১৯ জুন সকাল ১০টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে ওই নারীর গোপন ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি।
এসআরবি জানায়, মামলার পর থেকে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবিও আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি শুরু করে। এর ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩ রংপুরের সিপিএসসি এবং এসআরবি-৩ মগবাজারের সিপিসি-২-এর যৌথ দল শুক্রবার বিকেল ৩টা ৪০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



