রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধরতে একটি বারে প্রবেশের চেষ্টা করে মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ ঘটনায় ছাত্রদলের তিন নেতা-কর্মী আহত হয়েছেন। পরে পুলিশ বারের ভেতর থেকে ছাত্রলীগের দুই কর্মী রাজা ও সুমনকে আটক করেছে। এ ছাড়া বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করা হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে কনকর্ড টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত কয়লা বারের সামনে ও ভেতরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রলীগের এক নেতার অবস্থান জানতে পেরে তাঁকে ধরতে ছাত্রদলের ১০০ থেকে ১৫০ জন নেতা-কর্মী কয়লা বারে প্রবেশের চেষ্টা করেন। এ সময় বারের নিরাপত্তাকর্মীরা কনকর্ড টাওয়ারের নিচের প্রবেশপথের গেট বন্ধ করে দেন। পরে ছাত্রদলের নেতা-কর্মীদের মারধর করা হয়। এতে তাঁদের তিনজন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বারের ভেতরে অভিযান চালিয়ে রাজা ও সুমন নামে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়। এ সময় বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করে মোহাম্মদপুর থানা-পুলিশ।
ছাত্রদলের অভিযোগ, সুমনের বিরুদ্ধে ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনার প্রমাণ রয়েছে।
রাজা ও সুমন নামে ছাত্রলীগের দুই কর্মীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


