সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১৮৯টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট চলাচল বাতিল হয়েছে। এতে এখন পর্যন্ত ২৩ হাজার ২৭৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসব বিধিনিষেধের কারণে ১১২টি সরাসরি ফ্লাইট এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে।
সরাসরি ফ্লাইটের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। সংস্থাটির ৫৫টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদি এয়ারলাইন্সের ২২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২৫টি সরাসরি ফ্লাইট বাতিল হয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।
ফ্লাইট ম্যানেজমেন্ট-সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে এসব ফ্লাইটের সূচি ও চলাচলে বিঘ্ন ঘটেছে। এর ফলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন এবং ভোগান্তির সৃষ্টি হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


